নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের তিন দিনের আবাসিক প্রশিক্ষণ দিচ্ছেন MRDI

বাংলাদেশের জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম—প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন, কালের কণ্ঠ, সমকাল, জাগো নিউজ, নিউজ২৪, ডিবিসি নিউজ, স্টার নিউজ অনন্যা ম্যাগাজিনসহ দেশের মোট ২০টি জাতীয় গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকরা একত্রিত হয়েছেন একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে।
নির্বাচনকালীন সাংবাদিকতার ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের পেশাগত সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনকাল সাংবাদিকতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল সময়গুলোর একটি—বিশেষ করে নারী সাংবাদিকদের জন্য। এই সময়ে ভুয়া তথ্যের বিস্তার, অনলাইন ট্রোলিং ও হুমকি, মাঠপর্যায়ের নিরাপত্তা ঝুঁকি এবং মানসিক চাপ একসঙ্গে কাজ করে। এসব বাস্তবতার মুখোমুখি হয়েই নারী সাংবাদিকদের প্রতিনিয়ত দায়িত্ব পালন করতে হয়।
এই প্রেক্ষাপটে মিডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MRDI) জাতীয় পর্যায়ের ২০টি সংবাদমাধ্যমে কর্মরত ২০ জন নারী সাংবাদিককে নিয়ে আয়োজন করেছে তিন দিনব্যাপী একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি। এতে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন তথ্য-বিশৃঙ্খলা (information disorder) মোকাবিলা, ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা, মানসিক সুস্থতা রক্ষা এবং নৈতিক ও পাঠককেন্দ্রিক নির্বাচন কাভারেজ তৈরির ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে ভুয়া খবর শনাক্ত ও যাচাইয়ের কৌশল, সোশ্যাল মিডিয়ায় নিরাপদভাবে কাজ করা, অনলাইন হয়রানি ও হুমকি মোকাবিলা, পাশাপাশি মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা ও অনুশীলন করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে সংবেদনশীল, দায়িত্বশীল ও জনস্বার্থকেন্দ্রিকভাবে নির্বাচন সংক্রান্ত সংবাদ উপস্থাপন করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই উদ্যোগটি বাস্তবায়ন করছে এমআরডিআই, যা পরিচালিত হচ্ছে BALLOT—দ্য ইউএন ইলেক্টোরাল প্রজেক্টের সহায়তায়, যেখানে ইউএনডিপি ও ইউনেস্কো যুক্ত রয়েছে। নির্বাচনকালীন গণমাধ্যমকে আরও নিরাপদ, নৈতিক ও বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।



