কেউ যেন গলা টিপে ধরতে আসত: ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন হেমা মালিনী

বলিউড অভিনেত্রী হেমা মালিনী তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিদিন রাতে তার মনে হতো, কেউ যেন এসে তার গলা টিপে ধরছে।
ঘটনাটি ঘটে তখন, যখন ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয়ও হয়নি। সে সময় বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন হেমা মালিনী। চলছিল বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রাম।
হেমা মালিনী বলেন, “প্রতিদিন রাতে আমার মনে হতো কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখেছেন, আমি কতটা ভয়ে রাত কাটাতাম। যদি এ রকম ঘটনা দু-একবার ঘটত, তাহলে অতটা চিন্তা করতাম না। কিন্তু দেখলাম, ক্রমশ ঘটনাটি প্রতিদিন রাতেই ঘটছে।”
চেন্নাইয়ের একটি সচ্ছল পরিবারের মেয়ে ছিলেন হেমা মালিনী। জীবনে তেমন কোনো প্রতিবন্ধকতা ছিল না। তবে নিজের পরিচয় তৈরি করতে তিনি স্বচ্ছন্দ জীবনের গণ্ডি ছেড়ে বলিউডে পা রাখেন।
এই অভিজ্ঞতাসহ জীবনের নানা ঘটনা উঠে এসেছে তার আত্মজীবনী ‘হেমা মালিনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ বইয়ে।
উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর একা হয়ে পড়েছেন হেমা মালিনী এবং তাকে নানা বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে। তবে জীবনের বিভিন্ন সময়েই তাকে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।



