২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

হরিয়ানায় ১০ কন্যার পর পুত্রসন্তান, মাতৃস্বাস্থ্য ও লিঙ্গভাবনা নিয়ে নতুন আলোচনা

Untitled-1

ভারতের হরিয়ানায় ১৯ বছরের দাম্পত্য জীবনে ১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩৭ বছর বয়সী এক নারী। এ ঘটনা ঘিরে ছেলেসন্তানের প্রতি সামাজিক ঝোঁক এবং মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হরিয়ানার জিন্দ জেলার উচানা শহরের ওজাস হাসপাতাল অ্যান্ড ম্যাটার্নিটি হোমে গত ৪ জানুয়ারি ওই নারীর একাদশ সন্তানের জন্ম হয়। হাসপাতালের চিকিৎসক নরবীর শেওরান জানান, প্রসবটি ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ। এ সময় মাকে তিন ইউনিট রক্ত দিতে হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

৩ জানুয়ারি ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন তিনি সন্তানের জন্ম দেন। অল্প সময়ের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি ফতেহাবাদ জেলার নিজ গ্রামে ফিরে যান।

শিশুটির বাবা ৩৮ বছর বয়সী সঞ্জয় কুমার পেশায় দিনমজুর। ২০০৭ সালে তার বিয়ে হয়। তিনি জানান, তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য একটি পুত্রসন্তান প্রত্যাশা করছিলেন। তবে পুত্রসন্তান জন্ম দিতে কোনো পিতৃতান্ত্রিক চাপ ছিল এ অভিযোগ তিনি অস্বীকার করেন।

সঞ্জয় কুমার বলেন, তার অধিকাংশ মেয়েই বর্তমানে স্কুলে পড়াশোনা করছে। বড় মেয়ে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার তার ১০ মেয়ের নাম বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এ নিয়ে সমালোচনার মুখে তিনি বলেন, বর্তমান সমাজে মেয়েরাও সব ক্ষেত্রে সমানভাবে সফল হতে পারে।

Advertisements

উল্লেখ্য, হরিয়ানায় লিঙ্গানুপাত উন্নয়নে নিয়মিত নজরদারি চলছে। ২০২৫ সালে রাজ্যে প্রতি এক হাজার পুরুষে নারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৩ জনে।

Advertisements