বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
জীবনযাপন

নতুন বছরে নিন কিছু পরিবেশবান্ধব সংকল্প

220-SM909192

২০২৬ সাল আমাদের দোরগোড়ায়। নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য আর নিজেকে আরও ভালো করে গড়ে তোলার অঙ্গীকার। কিন্তু ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আমাদের চারপাশের পৃথিবীর কথাও কি ভাবা জরুরি নয়? জলবায়ু পরিবর্তন, দূষণ আর প্রাকৃতিক সম্পদের অপচয়ের এই সময়ে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই পারে বড় পরিবর্তনের সূচনা করতে।

২০২৬ সালে একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে চাইলে জীবনে যোগ করতে পারেন কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস।

বর্জ্য নিয়ে ভাবুন নতুনভাবে

পরিবেশ দূষণের বড় একটি কারণ আমাদের দৈনন্দিন বর্জ্য। সামান্য সচেতনতা এখানেই বড় ভূমিকা রাখতে পারে।

Advertisements

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বা পাত্রের বদলে ব্যবহার করুন পুনরায় ব্যবহারযোগ্য বোতল। খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের পরিবর্তে কাচ বা ধাতব পাত্র বেছে নিন—এগুলো স্বাস্থ্যসম্মত ও টেকসই।

বাজারে যাওয়ার সময় সঙ্গে রাখুন একটি কাপড়ের ব্যাগ। এতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমবে। ঘরে কাগজের ন্যাপকিনের বদলে কাপড়ের ন্যাপকিন ব্যবহার করতে পারেন। মেকআপ তোলা বা পরিষ্কারের জন্য ওয়ান-টাইম ওয়াইপস বাদ দিয়ে ব্যবহার করুন সুতি কাপড় বা রিইউজেবল প্যাড। সম্ভব হলে প্লাস্টিকে মোড়ানো ফল ও সবজি না কিনে খোলা পণ্য বেছে নিন।

যাতায়াতে আনুন ইতিবাচক পরিবর্তন

যানবাহন থেকে নির্গত ধোঁয়া কার্বন নিঃসরণের অন্যতম বড় উৎস। ছোট দূরত্বে গাড়ির বদলে হাঁটা, সাইকেল বা গণপরিবহন ব্যবহার করলে বায়ুদূষণ কমে, যানজটও হ্রাস পায়। এতে পরিবেশের পাশাপাশি আপনার শরীরও উপকৃত হয়।

ছুটির সময় দূরে ভ্রমণের বদলে নিজের এলাকার আশপাশে ঘুরে দেখতে পারেন। স্থানীয় খাবার, অচেনা জায়গা আর কাছের মানুষের সঙ্গে সময় কাটানো। সব মিলিয়ে আনন্দও হবে আবার পরিবেশও বাঁচবে।

খাদ্যাভ্যাসে আনুন টেকসই ধারা

আপনার খাবারের পছন্দও পরিবেশের ওপর বড় প্রভাব ফেলে। প্ল্যান্টবেজড বা নিরামিষ খাবার মাংসের তুলনায় অনেক কম কার্বন নিঃসরণ করে। সপ্তাহে অন্তত এক বা দুই দিন মাংস ছাড়া খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।

স্থানীয় খামারে উৎপাদিত ও মৌসুমি ফল-সবজি কিনুন। খাবারের অপচয় কমাতে আগেই মিল প্ল্যান করুন। এতে অপ্রয়োজনীয় কেনাকাটা ও প্লাস্টিক মোড়ানো খাবারের ওপর নির্ভরতা কমবে।

ঘরে শক্তি সাশ্রয় করুন

বিদ্যুৎ সাশ্রয় মানেই শুধু বিল কমানো নয়। বরং পরিবেশের সুরক্ষাও। ব্যবহার না হলে যন্ত্রের প্লাগ খুলে রাখুন। হ্যালোজেন বাল্বের বদলে এলইডি লাইট ব্যবহার করুন। নতুন যন্ত্র কেনার সময় এনার্জি রেটিং দেখে নিন। সম্ভব হলে এনার্জি-এফিসিয়েন্ট ফ্রিজ বা ওয়াশিং মেশিন ব্যবহার করুন। ভবিষ্যতে সোলার প্যানেল ব্যবহারের কথাও ভাবতে পারেন।

পানি সংরক্ষণ ও সবুজায়ন

পানি আমাদের জীবনের মূল ভিত্তি, অথচ আমরা প্রতিনিয়ত এটি অপচয় করছি। লো-ফ্লো ফাউসেট বা শাওয়ার ব্যবহার করুন। ওয়াশিং মেশিনে পূর্ণ লোড না হলে চালানো এড়িয়ে চলুন।

বারান্দা বা জানালার পাশে ছোট গাছ, টমেটো বা হার্বস লাগাতে পারেন। ঘরের উচ্ছিষ্ট দিয়ে কম্পোস্ট তৈরি করলে তা গাছের পুষ্টি জোগাবে এবং বর্জ্যও কমবে।

পরিবর্তনের লড়াই একা জেতা কঠিন। কিন্তু একসঙ্গে হলে সম্ভব। স্থানীয় কোনো পরিবেশ বা ক্লাইমেট অ্যাকশন গ্রুপে যুক্ত হতে পারেন। এলাকা পরিষ্কার করা, গাছ লাগানো বা সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিন।

২০২৬ সাল হোক সচেতনতার বছর। মনে রাখবেন, আপনার আজকের ছোট একটি পদক্ষেপই পারে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ পৃথিবী উপহার দিতে। শুরুটা হোক আজ থেকেই।

Advertisements