পর্দার আলো ছেড়ে যিনি শুনেছিলেন প্রাণীদের কান্না

এক সময়ের ফরাসি সিনেমার পোস্টার মানেই ছিল কাজলঘেরা চোখ, অবিন্যস্ত সোনালি চুল আর সাহসী এক নারীর দেহভঙ্গি। সেই মুখটির নাম—ব্রিজিত বারদো। পঞ্চাশের দশকের রক্ষণশীল ইউরোপে যিনি শুধু অভিনেত্রী ছিলেন না, ছিলেন এক সাংস্কৃতিক ভূমিকম্প।
কিন্তু এই নারীই একদিন হঠাৎ করে ক্যামেরার আলো, দর্শকের উন্মাদনা আর খ্যাতির মোহ থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ, প্রতিদিন “সুন্দর” হয়ে থাকার ক্লান্তি তাকে গ্রাস করেছিল।
শরীর যখন হয়ে ওঠে পরিচয়
‘বিবি’ নামেই যাকে চিনত বিশ্ব, তার দেহই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় সম্পদ—এবং সবচেয়ে বড় বোঝা। ফরাসি সিনেমায় তার উপস্থিতি মানেই ছিল বিতর্ক, কামনা ও নিষেধের সংঘর্ষ। মেরিলিন মনরোর সঙ্গে তুলনা ছিল অবধারিত।
১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ ছবিতে মাত্র ১৮ বছর বয়সে ব্রিজিত বারদো যেভাবে পর্দায় আত্মপ্রকাশ করেন, তা ইউরোপীয় সিনেমার ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা। কোমর পর্যন্ত চেরা স্কার্টে নাচের দৃশ্য সেন্সর বোর্ডের রোষ ডেকে আনলেও দর্শকের চোখে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য।
কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর একাকিত্ব। সমালোচকদের স্বীকৃতি খুব কমই জুটেছিল। প্রায় ৫০টির বেশি ছবির ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি কাজ ছাড়া বাকিগুলো সিনেমার স্মৃতি থেকে হারিয়ে গেছে।
ক্যামেরার ভেতরের ক্লান্ত নারী
জঁ-লুক গদারের ‘কঁতঁপ্ত’ ছবিতে বারদো একেবারে ভিন্নভাবে হাজির হন। নগ্নতার প্রত্যাশা ভেঙে দিয়ে গদার দেখান এক বিবাহিত নারীর দমবন্ধ করা নিঃসঙ্গতা। বিছানায় শুয়ে থাকা শরীরের খণ্ড খণ্ড দৃশ্য—যেখানে সৌন্দর্য নয়, প্রশ্নটাই মুখ্য।
সিমোন দ্য বোভোয়ার বলেছিলেন, বারদো অস্বস্তিকর, কারণ তিনি যা খুশি তাই করেন। কিন্তু এই স্বাধীনতার মুখোশের নিচে বারদো নিজেই ভেঙে পড়ছিলেন।
২৬তম জন্মদিনে আত্মহত্যার চেষ্টা ছিল সেই ভাঙনের প্রকাশ। আর ১৯৭৩ সালে, ৪০-এ পা দেওয়ার আগেই সিনেমাকে চিরতরে বিদায় জানান তিনি।
খ্যাতি থেকে নির্বাসন
“আমার ক্যারিয়ার আমার শরীরের ওপর দাঁড়িয়ে ছিল”—এই উপলব্ধিই তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। ঠিক যেমন পুরুষদের জীবন থেকে বের করে দিয়েছেন, তেমনি সিনেমাকেও।
চলচ্চিত্র ছাড়ার পর তিনি সাঁ-ত্রোপেজে নিজেকে গুটিয়ে নেন। সেখান থেকেই শুরু হয় জীবনের দ্বিতীয় অধ্যায়—প্রাণীদের জন্য।
প্রাণীদের কান্না যিনি শুনতে পেয়েছিলেন
আশির দশকে কানাডায় সিলশাবক নিধনের দৃশ্য বারদোর জীবনে গভীর ছাপ ফেলে। সেই রক্তাক্ত দৃশ্য তাকে বদলে দেয় চিরতরে। ১৯৮৬ সালে তিনি গড়ে তোলেন ‘ব্রিজিত বারদো ফাউন্ডেশন’।
সিলশাবক, হাতি, ঘোড়া—কোনো প্রাণীর পক্ষেই তার কণ্ঠ থামেনি। ধর্মীয় পশুবলি বন্ধ থেকে শুরু করে কসাইখানা বন্ধের দাবিতে তিনি সোচ্চার হন।এই লড়াইয়ে তিনি নিঃসঙ্গ ছিলেন, কিন্তু অনড়।
বিতর্কের ছায়া
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অবস্থান ক্রমেই বিতর্কিত হয়ে ওঠে। অভিবাসী, মুসলিম ও সমকামীদের নিয়ে করা মন্তব্যে তিনি একাধিকবার দণ্ডিত হন। চরম ডানপন্থার প্রতি তার প্রকাশ্য সমর্থন অনেক ভক্তকেই হতাশ করে।
মারিন লে পেনকে সমর্থন দিয়ে তিনি নিজেকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসেন। একসময় যিনি ছিলেন স্বাধীনতার প্রতীক, তিনি তখন অনেকের চোখে বিভাজনের মুখ।
নিজস্ব নিয়মে বাঁচা এক নারী
ফ্যাশনের দুনিয়া, প্লাস্টিক সার্জারি—সবকিছুকেই দূরে রেখেছেন বারদো। পশমবিরোধী অবস্থান থেকে #মিটু আন্দোলন—সব ক্ষেত্রেই তিনি প্রচলিত স্রোতের বিপরীতে কথা বলেছেন।
তার বক্তব্যে অনেকেই আহত হয়েছেন, আবার অনেকেই দেখেছেন এক অনমনীয় নারীর প্রতিচ্ছবি—যিনি কখনোই জনমতের কাছে নিজেকে সমর্পণ করেননি।
ব্রিজিত বারদোকে এক বাক্যে ধরা যায় না। তিনি একসঙ্গে সৌন্দর্যের প্রতীক, পণ্যে পরিণত হওয়া এক নারী, প্রাণীদের জন্য নিবেদিত কর্মী এবং বিতর্কের জন্মদাতা।
পর্দার আলো নিভিয়ে তিনি যে নীরব আর্তনাদের পাশে দাঁড়িয়েছিলেন—সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে স্থায়ী ভূমিকা।



