চল্লিশ পেরোলেই কি শুরু হয় হরমোনের লড়াই?

নারীর জীবনে চল্লিশের দশক একটি গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক রূপান্তরের সময়। এই বয়সে এসে অনেকেই লক্ষ্য করেন—শরীর আর আগের মতো নেই, ক্লান্তি বাড়ছে, ওজন সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিংবা মন-মেজাজে অস্থিরতা দেখা দিচ্ছে। এসব পরিবর্তনের পেছনে বড় একটি কারণ হলো পেরিমেনোপজ—মেনোপজের আগের প্রস্তুতিপর্ব।
পেরিমেনোপজ মূলত সেই সময়কাল, যখন শরীর ধীরে ধীরে মেনোপজের দিকে অগ্রসর হয়। এই পর্যায়ে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো গুরুত্বপূর্ণ হরমোনের ওঠানামা শুরু হয়, যার প্রভাব পড়ে পুরো শরীরজুড়ে।
শরীরের দৃশ্যমান পরিবর্তন
এই সময় সবচেয়ে বেশি চোখে পড়ে ওজন বৃদ্ধি। তবে এটি শুধু ওজন বাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়—শরীরের গঠনেও পরিবর্তন আসে। ত্বক হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রভ, বলিরেখা স্পষ্ট হতে থাকে এবং কোলাজেন কমে যাওয়ায় ত্বকের টানটান ভাব হারায়।
মেডিটেক জেনারেল হাসপাতালের অবস ও গাইনি বিভাগের আরএমও ডা. কাজী আজমিরী হক জানান, এই সময়ে অনেক নারীর মুখের কোমলতা কমে যায়, ফিটনেস আগের মতো থাকে না, এমনকি কারও কারও মুখে অবাঞ্ছিত লোমও দেখা দিতে পারে।
চুল পড়ার সমস্যাও এই বয়সে আলোচনায় আসে, যদিও এটি সবার ক্ষেত্রে একভাবে দেখা দেয় না।
জয়েন্ট, হাড় ও পেশির প্রভাব
ইস্ট্রোজেন হরমোন হাড় ও জয়েন্টকে নমনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চল্লিশের পর এর মাত্রা কমতে থাকায় জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, চলাফেরায় অস্বস্তি তৈরি হয়, বিশেষ করে কোমর ও মেরুদণ্ডে ব্যথা দেখা দেয়। যাদের বিএমআই বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা তুলনামূলক বেশি হয়।
এই সময় নারীদের পেশিশক্তি প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, ফলে অস্টিওপরোসিস ও হাড় ভাঙার ঝুঁকিও বাড়ে।
আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে
পেরিমেনোপজের সময়ে দৃষ্টিশক্তির পরিবর্তন, চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত ক্লান্তি, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং সন্তান জন্ম দেওয়া নারীদের ক্ষেত্রে পেলভিক পেশির দুর্বলতা দেখা দিতে পারে।
এছাড়া হরমোনের তারতম্যের কারণে অনিয়মিত ঋতুস্রাব, হট ফ্ল্যাশ, যোনিপথ শুষ্ক হয়ে যাওয়া ও হঠাৎ মুড সুইংয়ের মতো সমস্যাও অনেকের অভিজ্ঞতায় আসে।
হৃদযন্ত্র ও মেটাবলিজমের ঝুঁকি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের কর্মক্ষমতা ধীরে কমে। ইস্ট্রোজেন এখানে একটি সুরক্ষাকবচের মতো কাজ করে। এই হরমোন কমে গেলে হৃদরোগ, স্ট্রোক ও টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
মেনোপজ মানেই যৌন জীবনের অবসান—এই ধারণা ভুল
অনেক নারী মেনোপজ নিয়ে অযথা ভয় পান। ডা. আজমিরী হকের মতে, মেনোপজ মানেই যৌন আকাঙ্ক্ষা হারিয়ে ফেলা নয়। বাস্তবে মেনোপজের পরও নারীদের যৌন ইচ্ছা স্বাভাবিক থাকে এবং শারীরিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে না। যোনিপথে শুষ্কতা দেখা দিলে লুব্রিকেন্ট ব্যবহার করে সহজেই স্বস্তি পাওয়া যায়।
সব সমস্যার দায় কি পেরিমেনোপজের?
চল্লিশোর্ধ্ব অনেক নারী একসঙ্গে বহু দায়িত্ব সামলান—কিশোর সন্তানের যত্ন, বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা, কর্মজীবনের চাপ। এই মানসিক চাপ থেকেও শরীরে ব্যথা-বেদনা বা ক্লান্তি তৈরি হতে পারে। সব সমস্যাকে মেনোপজের সঙ্গে যুক্ত করে ফেললে অযথা ভীতি তৈরি হয়—যা মোটেও প্রয়োজনীয় নয়।
কীভাবে নিজেকে প্রস্তুত করবেন?
এই সময় সুস্থ থাকতে হলে আগে থেকেই জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি—
- সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস
- ডায়েটিশিয়ানের পরামর্শে ফাইটোএস্ট্রোজেন সমৃদ্ধ খাবার (তিসি, সয়া, ডাল)
- নিকোটিন, ক্যাফেইন ও অ্যালকোহল কমানো
- নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম ও মেডিটেশন
- পর্যাপ্ত ঘুম এবং ঘুমের আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলা
সচেতনতা মানেই অর্ধেক জয়
আপনি যদি আগে থেকেই জানেন—আপনার শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তাহলে ভয় অনেকটাই কমে যায়। পেরিমেনোপজ সম্পর্কে সচেতন হলে এই সময়টিকে আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করা সম্ভব। পরিবর্তন আসবেই—তবে প্রস্তুত থাকলে তা সামলানো কঠিন নয়।



