বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
জীবনযাপন

শীতকাল সেলিব্রেট করবেন যেভাবে

images (2)

পৌষের রোদমাখা দিন মানেই শীতের আসল আমেজ। বছরের এই সময়টা যেন একটু ধীরে চলার, নিজের ভেতরটা গুছিয়ে নেওয়ার। হালকা অলসতা, আরামদায়ক মুহূর্ত আর পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটানোর জন্য শীতকাল একেবারে আদর্শ। একটু সচেতন হলে এই সময়টাকে ঘরোয়া উষ্ণতা ও আনন্দে ভরিয়ে সুন্দরভাবে সেলিব্রেট করা যায়।

আলো ও উষ্ণতার আবেশ

শীতের সন্ধ্যা মানেই কুয়াশা আর হালকা অন্ধকার। ঘরে ওয়ার্ম লাইট, মোমবাতি বা লণ্ঠনের আলো জ্বালিয়ে দিন। সুযোগ থাকলে ছাদে বা উঠানে ছোট করে আগুন জ্বালিয়ে প্রিয়জনদের নিয়ে বসুন। আগুনের তাপ শুধু শরীর নয়, মনও উষ্ণ করে। গল্প, চা আর হাসিতে তৈরি হয় একান্ত সুন্দর মুহূর্ত।

ঘর সাজান শীতের ঘ্রাণে

Advertisements

শীতকালে ঘর পরিষ্কার করে রাখলে মনও বেশ হালকা থাকে। পরিষ্কারের পর ধূপ বা হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন। দারুচিনি, লবঙ্গ বা এলাচ পানিতে ফুটিয়ে ঘরে শীতের মোলায়েম ঘ্রাণ ছড়িয়ে দিন। এই ছোট আয়োজন ঘরে এনে দেবে প্রশান্তি আর ইতিবাচক অনুভূতি।

নিজের সঙ্গে একটু সময়

বছরের শেষ দিকটা নিজের দিকে তাকানোর সময়। কী পেলেন, কী শিখলেন, কোথায় নিজেকে বদলাতে চান। এসব ভাবনা লিখে রাখুন একটি ডায়েরিতে। অপ্রয়োজনীয় অভ্যাসগুলো ঝেড়ে ফেলে নতুন বছরের জন্য ইতিবাচক কিছু লক্ষ্য ঠিক করুন। এই সালতামামি আপনাকে মানসিকভাবে আরও হালকা করবে।

কৃতজ্ঞতা প্রকাশ করুন

জীবনের ছোট-বড় প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া খুব জরুরি। প্রিয় মানুষ, ভালো মুহূর্ত কিংবা নিজের অর্জনের কথা লিখে রাখুন। কৃতজ্ঞতা মনকে শান্ত রাখে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

নিজের যত্ন নিন

শীতকাল নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার সেরা সময়। হালকা হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম শরীর চাঙ্গা রাখবে। নিজের পছন্দের কাজ করুন, নিজেকে ছোটখাটো উপহার দিন। নিজের অস্তিত্বকে সেলিব্রেট করার জন্য শীতের দিনগুলো একদম পারফেক্ট।

প্রকৃতির কাছাকাছি থাকুন

শীতের নরম রোদ আর শিশিরভেজা সকাল মন ভালো করার সবচেয়ে সহজ ওষুধ। সকালে বা বিকেলে বাইরে সময় কাটান। বারান্দায় শীতকালীন ফুলগাছ রাখুন, মাটির জিনিস দিয়ে ঘর সাজান। এতে ঘরে আসবে এক ধরনের শান্ত, স্নিগ্ধ আবহ।

প্রিয়জনদের সঙ্গে মুহূর্ত

শীত মানেই পিঠাপুলির উৎসব। পরিবার ও বন্ধুদের নিয়ে পিঠার আয়োজন করুন। গল্প, হাসি আর একসঙ্গে খাওয়ার আনন্দ সম্পর্কগুলোকে আরও গভীর করে তোলে।

প্রয়োজনে ‘না’ বলতে শিখুন

শীতে দাওয়াতের সংখ্যা বাড়ে। সবকিছুতে অংশ নিতে গিয়ে নিজেকে ক্লান্ত করবেন না। কোনো কিছুতে মন না চাইলে বিনীতভাবে ‘না’ বলুন। এই সময় নিজের বিশ্রাম ও মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়াই সবচেয়ে জরুরি।

Advertisements