২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

মহাকাশে যাচ্ছেন পঙ্গু নারী!

Untitled-2

শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে মহাকাশে যাওয়ার পথে এক নারী প্রকৌশলী। হুইলচেয়ার ব্যবহারকারী এই নারীকে মহাকাশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

মহাকাশযাত্রায় অংশ নিতে যাচ্ছেন মাইকেলা বেনাথাস। তিনি একজন মহাকাশ ও মেকাটনিক্স প্রকৌশলী। ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে পরিচালিত এনএস ৩৭ মিশনে তিনি আরও পাঁচজনের সঙ্গে মহাকাশে ভ্রমণ করবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালে পাহাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মাইকেলা বেনাথাস। দুর্ঘটনার ফলে তার পায়ে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়। এরপর থেকেই তাকে হুইলচেয়ারের ওপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে। তবে এই সীমাবদ্ধতা তার পেশাগত জীবন কিংবা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

এই মহাকাশযাত্রা হবে সাব-অরবিটাল ফ্লাইট। অর্থাৎ অংশগ্রহণকারীরা কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবেন না। রকেটটি পৃথিবী থেকে উৎক্ষেপণের পর প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে এবং স্বল্প সময় মহাকাশে অবস্থান শেষে আবার পৃথিবীতে ফিরে আসবে। আন্তর্জাতিকভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে অঞ্চলকে মহাকাশ হিসেবে গণ্য করা হয়।

ব্লু অরিজিন বাণিজ্যিকভাবে সাধারণ মানুষের জন্য মহাকাশ ভ্রমণের সুযোগ দিয়ে থাকে। যদিও প্রতিষ্ঠানটি এই মিশনের নির্দিষ্ট ব্যয় প্রকাশ করেনি। তবে এর আগে নিউ শেফার্ড রকেটে যারা মহাকাশে গেছেন, তাদের প্রত্যেকের জন্য ব্যয় হয়েছে আনুমানিক ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

খবরে বলা হয়েছে, মাইকেলা বেনাথাসের সঙ্গে যারা এই অভিযানে অংশ নিচ্ছেন, তাদের মধ্যে অন্তত দুজন যাত্রার অর্থায়নে ভূমিকা রেখেছেন।

Advertisements

এই মহাকাশযাত্রাকে শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার নতুন উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Advertisements