বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জীবনযাপন

বিমানযাত্রায় মানবেন যেসব অলিখিত নিয়ম

399-SM1115064

বিমানযাত্রা মানেই অচেনা মানুষের সঙ্গে সীমিত জায়গায় কয়েক ঘণ্টা কাটানো। এই অল্প জায়গায় সামান্য অসচেতন আচরণও কারও জন্য বিরক্তির কারণ হতে পারে। তাই টিকিট বা পাসপোর্টের মতোই কিছু অলিখিত নিয়ম জানা থাকলে যাত্রা হয়ে ওঠে আরও আরামদায়ক ও সুন্দর

।ভদ্রতা দিয়ে যাত্রা শুরু – বিমানে ওঠার সময় ফ্লাইট অ্যাটেনডেন্টকে একটি হাসি বা ছোট্ট ‘হ্যালো’ বলা খুব সাধারণ বিষয় মনে হতে পারে। কিন্তু এই ছোট ভদ্রতাই পুরো যাত্রার পরিবেশ বদলে দিতে পারে। এতে কেবিন ক্রু যেমন স্বস্তি বোধ করেন তেমনি যাত্রীর মনোভাবও ইতিবাচক থাকে। ভদ্র আচরণ কখনোই ছোট বিষয় নয়।

হেডফোন ব্যবহার করুন সচেতনভাবে – নয়েজ ক্যানসেলিং হেডফোন ভ্রমণে আরাম দেয় এতে সন্দেহ নেই। তবে সবসময় কানে লাগিয়ে রাখলে জরুরি ঘোষণা, খাবার পরিবেশন বা কেবিন ক্রুর নির্দেশনা মিস হতে পারে। সার্ভিস কার্ট আসার সময় বা কোনো ঘোষণা হলে হেডফোন একটু খুলে সতর্ক থাকা শিষ্টাচারের মধ্যেই পড়ে।

শিশু থাকলে বাড়তি দায়িত্ব জরুরি – বিমানে শিশু কান্না করবে। এটা স্বাভাবিক ঘটনা। এতে বিরক্ত হওয়াও মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে শিশুকে পুরো কেবিনে দৌড়াতে দেওয়া বা সামনে-পেছনের সিটে লাথি মারতে দেওয়া ঠিক নয়। এতে অন্য যাত্রীরা অস্বস্তিতে পড়েন। অভিভাবকদের উচিত পরিস্থিতি সামাল দেওয়া। আর কোনো সমস্যা হলে অন্য যাত্রীদেরও ভদ্রভাবে বিষয়টি জানানোই ভালো পথ।

Advertisements

জানালার পর্দা নিয়ে সমঝোতা – জানালার পাশের যাত্রী সাধারণত পর্দা খোলা বা বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে দীর্ঘ ফ্লাইটে পাশের যাত্রী যদি আলোর কারণে অস্বস্তিতে থাকেন তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। সামান্য সমঝোতাই যাত্রাকে শান্ত রাখে।

মাঝের সিটের অধিকার বুঝে নিন – তিন সিটের সারিতে মাঝখানে বসা যাত্রীর সুবিধা সবচেয়ে কম। তাই দুই পাশের আর্মরেস্ট তার জন্য ছেড়ে দেওয়াই ভদ্রতা। এটি দীর্ঘদিন ধরে চলে আসা একটি অলিখিত শিষ্টাচার।

সিট হেলানোর আগে একবার ভাবুন – সিট পেছনে হেলানো যাত্রীর অধিকার। তবে সেটি করার আগে পেছনের যাত্রী খাবার খাচ্ছেন কি না, ট্রে টেবিল খোলা আছে কি না এসব বিবেচনা করা জরুরি। খাবারের সময় সিট সোজা রাখলে সবার জন্যই স্বস্তিকর হয়।

গন্ধের ব্যাপারে সতর্ক থাকুন – বিমানের ভেতর তীব্র গন্ধযুক্ত খাবার বা ভারী পারফিউম অন্যদের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাই ভ্রমণের সময় হালকা খাবার ও মৃদু সুগন্ধ ব্যবহার করাই ভালো।

অ্যালকোহল পান করুন সীমিতভাবে – বিমানযাত্রার আগে বা সময় অতিরিক্ত অ্যালকোহল পান করলে আচরণ নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। এতে নিজের যেমন অস্বস্তি হয়, তেমনি অন্য যাত্রীদের জন্যও পরিস্থিতি বিরক্তিকর হয়ে ওঠে।

বিমানযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক সম্মান ও সহমর্মিতা। আমরা সবাই একই জায়গায়, একই গন্তব্যের পথে। সামান্য ভদ্রতা, সচেতনতা আর একে অন্যকে বোঝার মানসিকতাই একটি দীর্ঘ ফ্লাইটকে আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করতে পারে।

Advertisements