বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
জীবনযাপন

নেতিবাচক চিন্তা দূরে রেখে ইতিবাচক থাকার কিছু সহজ উপায়

Pic-1234-5c20ad8747b1e

আমাদের চারপাশের ব্যস্ত জীবন, অনিশ্চয়তা আর নানা চাপের ভিড়ে অনেকেই না চাইলেও বারবার নেতিবাচক চিন্তার মধ্যে পড়ে যান। কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কখনো নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ এই ভাবনাগুলো ধীরে ধীরে মনকে ভারী করে তোলে। কিন্তু ইতিবাচক থাকা মানে এই নয় যে সমস্যাগুলো নেই বা সেগুলো এড়িয়ে যেতে হবে। বরং ইতিবাচক চিন্তা আমাদের শেখায়, সমস্যার ভেতর থেকেই সমাধানের পথ খুঁজে নিতে।

ইতিবাচক মনমানসিকতা গড়ে তুললে জীবন অনেক সহজ ও সহনীয় হয়ে ওঠে। দৃষ্টিভঙ্গি বদলালেই অনেক কঠিন পরিস্থিতিও সামাল দেওয়া সম্ভব হয়।

প্রথম ধাপ হলো নিজের চিন্তাগুলো লক্ষ্য করা। কখন আপনি অকারণে ভয় পাচ্ছেন, কখন নিজেকে ছোট করে দেখছেন। এগুলো বুঝতে পারলে সেগুলো সামলানো সহজ হয়। মনে রাখবেন, সব চিন্তাই সত্য নয়। অনেক সময় আমাদের মন অতিরঞ্জিত ভয় তৈরি করে।

যারা আশাবাদী, হাসিখুশি ও সমাধানমুখী তাদের সঙ্গে সময় কাটালে মনও হালকা থাকে। ইতিবাচক মানুষের কথা, আচরণ ও দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আপনার মনেও প্রভাব ফেলবে। প্রয়োজনে এমন মানুষদের সঙ্গে দূরত্ব রাখুন। যারা সবকিছুতেই হতাশা ছড়িয়ে দেন।

Advertisements

আমরা সারাদিন যা দেখি বা শুনি তা মনের ওপর গভীর প্রভাব ফেলে। অতিরিক্ত নেতিবাচক খবর বা দুশ্চিন্তাপূর্ণ বিষয় এড়িয়ে চলা ভালো। তার বদলে অনুপ্রেরণামূলক লেখা, সুন্দর গান, প্রকৃতির ছবি বা আশাবাদী গল্প দেখতে পারেন। এগুলো মনকে শান্ত রাখে।

ইতিবাচক থাকার নামে সব কষ্ট লুকিয়ে রাখার দরকার নেই। মন খারাপ হওয়া, হতাশা বা রাগ এগুলোও স্বাভাবিক অনুভূতি। নিজেকে জোর করে ‘সব ঠিক আছে’ ভাবতে বাধ্য করাই হলো বিষাক্ত ইতিবাচকতা। অনুভূতিগুলো মেনে নিলে সেগুলো ধীরে ধীরে হালকা হয়

।নেতিবাচক কিছু মনে এলেই ভাবুন, এই পরিস্থিতি আমাকে কী শেখাতে পারে? হয়তো এখন কঠিন লাগছে, কিন্তু সামনে ভালো কিছু অপেক্ষা করছে। এমন ভাবনা নিয়মিত চর্চা করলে মন ধীরে ধীরে ইতিবাচক পথে হাঁটতে শেখে।

শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার মানসিক শক্তি বাড়ায়। সুস্থ শরীর আপনাকে আরও আত্মবিশ্বাসী ও ইতিবাচক ভাবতে সাহায্য করে।

ইতিবাচক থাকা কোনো একদিনের বিষয় নয়। এটা একটি ধীরে ধীরে গড়ে ওঠা অভ্যাস। ছোট ছোট পরিবর্তন, নিজের প্রতি যত্ন আর বাস্তবতাকে মেনে নেওয়ার মধ্য দিয়েই নেতিবাচক চিন্তা কমে আসে। নিজেকে সময় দিন, নিজের সঙ্গে বন্ধুত্ব করুন। দেখবেন, জীবনটা ধীরে ধীরে আরও হালকা ও সুন্দর হয়ে উঠছে।

Advertisements