মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক মন্দিরে পূজা দিতে গিয়ে গুরুতর যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। তিনি মন্দিরটির এক পুরোহিতের বিরুদ্ধে অশালীন আচরণ এবং হেনস্তার অভিযোগ এনেছেন।
নিজের সামাজিক মাধ্যমের পাতায় এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। লিশালিনি জানান, মন্দিরে পূজা দেওয়ার সময় পুরোহিত তাকে পবিত্র জল ছিটিয়ে দেওয়ার জন্য অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর যখন তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সেই সময় অভিযুক্ত পুরোহিত তার গায়ে একটি তীব্র, ফুলের সুগন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন।
এই ঘটনার পরেই পুরোহিত লিশালিনিকে তার পরিহিত পাঞ্জাবি-স্যুটটি খুলে ফেলতে বলেন। অভিনেত্রী অস্বস্তি ও আপত্তি জানালে তিনি তা করেননি। এখানেই শেষ নয়, লিশালিনির অভিযোগ অনুযায়ী, এরপর পুরোহিত তার ব্লাউজের ভেতর হাত প্রবেশ করিয়ে তাকে হেনস্তা করতে থাকেন।
যদিও পুরোহিত এই কাজটিকে ‘আশীর্বাদ’-এর অংশ হিসেবে বোঝানোর চেষ্টা করেন, অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি এর থেকে বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যার বিবরণ দেওয়া তার পক্ষে দুঃসাধ্য।
পুলিশের তদন্ত শুরু ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লিশালিনি কারানান ইতিমধ্যেই মালয়েশিয়ার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুরোহিতকে চিহ্নিত করে খুঁজে বের করার প্রক্রিয়া চালাচ্ছে।
ধর্মীয় স্থানে এমন একটি সংবেদনশীল ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় তোলপাড় শুরু হয়েছে।



