বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারী

১০ মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

Untitled-5

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের দীর্ঘ ১০ মাস পরেও উদ্ধার হয়নি। মেয়েকে না পেয়ে পরিবার চরম হতাশায় দিন গুনছে সে আদৌ জীবিত নাকি মৃত, তা নিয়েও রয়েছে গভীর অনিশ্চয়তা। পুলিশ বলছে, তারা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা দম্পতির মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৪ সালে নিখোঁজ হয়। ঘটনার পর নিঝুমের মা মোছা. তাসলিমা খাতুন ৫ জনকে আসামি করে মহেশপুর থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর থেকেই তাসলিমা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু আজ পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মো. কামাল ডাকাতের ছেলে এবং মামলার ১ নম্বর আসামি জিমকে আটক করা হলেও পুলিশ তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। পরে তিনি জামিনে মুক্তি পান।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই হিমানিশ বলেন, “আসামির রিমান্ড আবেদন আদালত নাকচ করেছেন। তদন্ত চলছে, তবে ভিক্টিম এখনো উদ্ধার হয়নি।” ঘটনাটির প্রথম তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুরকে পরিবর্তন করে হিমানিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার বাদী তাসলিমা খাতুন বলেন, “মেয়ে উদ্ধারের আশায় নানা অফিসে ঘুরছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। মেয়ে বেঁচে আছে নাকি নেই—কিছুই জানি না।”

এদিকে মামলার ৫ আসামির মধ্যে ৪ জন জামিনে থাকায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলা তুলে নেওয়ার জন্য নানা মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাসলিমা খাতুন। এ বিষয়ে তিনি একটি জিডি করেছেন এবং সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

Advertisements