খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। দলের পক্ষ থেকে বিষয়টি দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, কাতার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি শেষ করে রেখেছে।
এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সবকিছু কাতার কর্তৃপক্ষই ব্যবস্থা করছে।”
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গে তিনি আরও বলেন, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে; এতে দলের পক্ষ থেকে আলাদা কোনো উদ্যোগ নেই।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি এখনো উড়োজাহাজে ভ্রমণের মতো সক্ষমতা অর্জন করেননি এই কারণেই লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ড পর্যালোচনা করছে। প্রায় প্রতিদিনই বোর্ড বৈঠকে তাঁর শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য পর্যালোচনা করা হয়।
গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও এই বোর্ডের সদস্য। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতিতে অংশ নিতে গতকাল তিনি ঢাকায় পৌঁছান।



