২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার মালিককে খুঁজে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

08315c22629da610ee783feabf6e1d83-6b03e3fb2a146

নিজের সংসারে অভাব, মাথা গোঁজার ঠাঁই বলতে ভাঙাচোরা একটি ভাড়া ঘর। জীবিকার জন্য শহরের পথে পথে চানাচুর বিক্রি করেন। অথচ এমন কঠিন বাস্তবতার মধ্যেও অন্যের সম্পদের প্রতি কোনো লোভ নেই তাঁর। পথে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। ব্যাগের ভেতরে ছিল প্রায় তিন ভরি স্বর্ণালংকার। পরে মালিকের সন্ধান পেয়ে পুলিশের উপস্থিতিতে প্রায় চার ঘণ্টার মধ্যে ব্যাগটি ফিরিয়ে দেন আমির। তাঁর এই সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, শহরের আবুল হোসেন রোডে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করানোর জন্য একটি গয়নার দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই সন্তান। কাজ শেষে আলফাত স্কয়ার এলাকা দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন তাঁরা। বাসার সামনে নেমে হঠাৎ খেয়াল করেন, স্ত্রীর হাতব্যাগটি সঙ্গে নেই। কোথায় বা কখন ব্যাগটি হারিয়ে গেছে, তা বুঝে উঠতে পারছিলেন না কেউ।

ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে সজল দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রথমে থানায় যান এবং পুলিশকে ঘটনাটি জানান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে বাসায় ফিরে যান।

তবে ব্যাগটির খোঁজ পাওয়ার সূত্র আসে অন্য একটি রিকশায়। সজলের দুই বন্ধু যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের কথোপকথনে উঠে আসে স্বর্ণালংকারভর্তি ব্যাগ হারানোর বিষয়টি। তাঁদের রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। এই তথ্য পেয়ে বন্ধুরা দ্রুত সজলকে খবর দেন। পরে তাঁরা সবাই মিলে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন।

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। স্বর্ণালংকার দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। নিরাপত্তার কথা চিন্তা করে ছেলেকে দিয়ে গয়নাগুলো ঘরে পাঠিয়ে রাখেন। নিজের দোকানে এত মূল্যবান জিনিস রাখা নিরাপদ মনে হয়নি তাঁর। কারণ, এর আগে তাঁর দোকানে তিনবার চুরির ঘটনা ঘটেছে।

Advertisements

শহরের পশ্চিমবাজার এলাকায় বসবাস করেন আমির উদ্দিন। নিজের বাড়ি নেই, পরিবার নিয়ে থাকেন একটি জরাজীর্ণ ভাড়া ঘরে। প্রতিদিন চানাচুর বিক্রি করেই চলে তাঁর সংসার। এত মূল্যবান স্বর্ণালংকার নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকলেও কেন তা করেননি—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোটবেলা থেকেই কষ্ট করে জীবন কাটাচ্ছেন। কিন্তু অন্যের জিনিসের প্রতি তাঁর কোনো লোভ নেই।

আমির উদ্দিনের এই সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, সজল তালুকদার থানায় বিষয়টি জানানোর পর পুলিশ সদস্যদের মাধ্যমে ব্যাগটির খোঁজ করা হয়। পরে সজল ও তাঁর পরিবারের সদস্যরা আমির উদ্দিনকে নিয়ে থানায় আসেন। তাঁর মতে, আমির উদ্দিন একজন ভালো মানুষ বলেই স্বর্ণালংকারগুলো যথাযথভাবে মালিকের কাছে পৌঁছেছে।

এদিকে নিজের হারানো সম্পদ ফিরে পেয়ে আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি জানান, প্রায় চার ঘণ্টা ধরে তিনজন মিলে ব্যাগটির সন্ধান করেছেন। আমির উদ্দিনের আচরণে তাঁর কাছে সরলতা ও সততার পরিচয় মিলেছে। প্রথমে তিনি কোনো অর্থ নিতে চাননি। পরে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে জোর করেই পাঁচ হাজার টাকা দিয়েছেন। তাঁর কাছে তখন ওই পরিমাণ অর্থই ছিল।

অভাব-অনটনের মধ্যেও যে মানুষের সততা ও নৈতিকতা অটুট থাকতে পারে, আমির উদ্দিনের এই ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ। মূল্যবান স্বর্ণালংকারের চেয়েও মানুষের বিশ্বাস ও বিবেক যে বড়, তা আবারও মনে করিয়ে দিলেন এই সাধারণ চানাচুর বিক্রেতা।

Advertisements