স্বাস্থ্যের সাবেক এডিজি ডা. দিলু আরা বেগম আর নেই

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম আর নেই।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করা ডা. দিলু আরা বেগম ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ইসলামপুর উপজেলার প্রথম নারী এমবিবিএস চিকিৎসক হিসেবে তিনি তৎকালীন সময়ে এলাকার নারীশিক্ষা ও চিকিৎসা পেশায় আগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন।
পেশাগত জীবনে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি এবং অতিরিক্ত মহাপরিচালক (এডিজি–অ্যাডমিন) হিসেবে অবসরে যান। চিকিৎসা–সেবার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এই কৃতী চিকিৎসক।
তার মৃত্যুতে এলাকায় ও চিকিৎসাসেবা সম্পৃক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল গ্রিন রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ মাগরিব মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ডা. দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ কর্মকর্তা–কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।



