বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
নারী

স্বল্প বেতনের চাকরির পাশাপাশি নতুন উদ্যোগে জয়া-বিজয়ার পথচলা

Untitled-6

চট্টগ্রাম নগরের টেকনিক্যাল মোড়। ফুটপাতে ছোট্ট একটি ফুডকোর্ট—সামনে কেটলি থেকে উঠছে ধোঁয়া, তাওয়ায় সেঁকা হচ্ছে পাহাড়ি পিঠা। সন্ধ্যা নামতেই ভিড় বাড়র্ ক্রেতাদের। এই ফুডকোর্টের বিশেষত্ব হলো—এটি পরিচালনা করছেন দুই বোন, জয়া চাকমা (২৯) ও বিজয়া চাকমা (২২)। পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা এর নাম দিয়েছেন ‘দ্য হিলস কিচেন’।

খাগড়াছড়ির দীঘিনালার কামাইছড়া ইউনিয়নের বাসিন্দা দুই বোন বর্তমানে চট্টগ্রামে চাকরি করেন। স্বল্প বেতনের সেই চাকরির আয়ে সংসার চালানো কঠিন হচ্ছিল। তাই চাকরির পাশাপাশি ব্যতিক্রম কিছু করার চিন্তা থেকেই গত বছর তাঁরা খুলেছেন এ ফুডকোর্ট।

স্বল্প বেতনের চাকরি, তারপর উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত

জয়া ও বিজয়া দুইজনই দুটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী। মা মারা গেছেন বহু বছর আগে। বাবা কৃষিকাজ করেন। পরিবারের সংসার চালাতে দুই বোনের ওপরই নির্ভরতা বেশি।

Advertisements

২০২২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জয়া একাই ৯ বছর বয়সী মেয়েকে বড় করছেন। মানসিকভাবে ভেঙে পড়লেও বোন ও পরিবার তাঁকে এগিয়ে যেতে সাহস দেয়। সেখান থেকেই উদ্যোগের পথচলা।

গত আগস্টে নিজের জমানো টাকা ও আত্মীয়ের কাছ থেকে ধার নিয়ে প্রায় ৩০ হাজার টাকায় কেনেন প্রয়োজনীয় সরঞ্জাম। পরের মাসে দুই হাজার টাকা ভাড়ায় ফুটপাতে নেন জায়গা। শুরুতে ক্রেতা কম ছিল, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ভাইরাল হলে বাড়তে থাকে ভিড়।

পাহাড়ি পিঠার স্বাদ পেতে ভিড় জমে

তাঁদের ফুডকোর্টে বিক্রি হয় তিন ধরনের পাহাড়ি পিঠাসহ চটপটি, মুন্ডি, ছিটা পিঠা ও চা। সন্ধ্যা হলেই আসে আশপাশের অফিসের কর্মীরা, কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভিড় করেন।

ফুডকোর্টে আসা এক শিক্ষার্থী আরাফাত রহমান বলেন,“এখানকার খাবার বাড়ির মতো পরিবেশে তৈরি হয়। স্বাদও দারুণ। তাই প্রায়ই বন্ধুদের নিয়ে আসি।”

কেবল ফুডকোর্ট নয়, বড় স্বপ্ন দুই বোনের

এ ফুডকোর্টই দুই বোনের স্বপ্নের শুরু। তাঁরা চান ভবিষ্যতে চট্টগ্রামে একটি বড় রেস্তোরাঁ খুলতে। জয়া ও বিজয়া বলেন,“শুরুটা খুব ছোট। তবে একদিন নিজেরা বড় রেস্তোরাঁ দেব—এই স্বপ্নই আমাদের এগিয়ে নিচ্ছে।”

Advertisements