বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

বিশ্বে কোন দেশের পানি সবচেয়ে বিশুদ্ধ?

1049_giant

পরিষ্কার ও নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু পৃথিবীর সব দেশে এই অধিকার সমানভাবে নিশ্চিত নয়। কোথাও প্রাকৃতিকভাবে প্রচুর বিশুদ্ধ পানির উৎস আছে। আবার কোথাও উন্নত প্রযুক্তি ব্যবহার করেও সেই মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ প্রকাশ করেছে বিশ্বের ১৭২টি দেশের পানির গুণমান সূচক। এই তালিকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (EPI)। এটি পানির বিশুদ্ধতা থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যে তার প্রভাব পর্যন্ত সবকিছু বিবেচনায় নেয়।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের তৈরি ইপিআই (EPI) নানা পরিবেশগত সূচক বিশ্লেষণ করে একটি দেশের অবস্থান নির্ধারণ করে। এদের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো অনিরাপদ পানীয় জল মানুষের জীবনে কতটা ক্ষতি করছে। অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের মধ্যে দূষিত পানির কারণে কত বছর স্বাস্থ্যহানি হচ্ছে। এটাকে বলা হয় ডিএএলওয়াই (DALY)। এখানে স্কোর যত বেশি পানির মান তত ভালো। ১০০ স্কোর হলে সবচেয়ে বিশুদ্ধ ও নিরাপদ পানি। ০ স্কোর হলে বিশ্বের সবচেয়ে দূষিত পানির দেশগুলোর মধ্যে থাকা।

বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানির এবারের তালিকায় সর্বোচ্চ ১০০ স্কোর পেয়েছে সাতটি দেশ। আর মজার ব্যাপার হলো সবগুলোই ইউরোপের! দেশগুলো হলো জার্মানি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। ইউরোপীয় দেশগুলো পানির গুণমান নিয়ে খুবই কঠোর। নিয়মিত পরীক্ষা, রাসায়নিক বিশ্লেষণ, আধুনিক পরিশোধন ব্যবস্থা সব মিলিয়ে তাদের পানি পৃথিবীর সবচেয়ে নিরাপদ।

ইউরোপীয় ইউনিয়নের কঠোর নির্দেশনা অনুসরণ করে দেশগুলো পানিতে ব্যাকটেরিয়া, রাসায়নিক পদার্থ, ভারী ধাতুসহ ৫০-এর বেশি মানদণ্ড পরীক্ষা করে। সুইজারল্যান্ড ভূগর্ভস্থ প্রাকৃতিক পানি ব্যবহার করে যা আগেই পরিষ্কার। ফিনল্যান্ডে ১ লাখেরও বেশি হ্রদ। জার্মানি নিয়মিত মান যাচাই করে পানির নিরাপত্তা নিশ্চিত করে। এই অঞ্চলের সর্বনিম্ন স্কোরধারী দেশ সাইপ্রাস যার স্কোর ৮৮.৮।

এশিয়ার অনেক দেশই পানির গুণমানে পিছিয়ে থাকলেও কিছু দেশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শীর্ষে উঠে এসেছে। সিঙ্গাপুর (৯৮.৭) এ তালিকার এশিয়ার সবচেয়ে এগিয়ে থাকা দেশ। এছাড়া ইসরায়েল সমুদ্রের পানি পরিশোধনের মাধ্যমে পানির ৮০% চাহিদা মেটায়। দক্ষিণ কোরিয়া আধুনিক পরিস্রাবণ ব্যবস্থা ব্যবহার করে। ব্রুনেই শক্তিশালী মনিটরিং সিস্টেমের মাধ্যমে পানি নিরাপত্তা নিশ্চিত করে। দক্ষিণ এশীয় দেশগুলোর স্কোর-

  • বাংলাদেশ: ৩২.৬
  • নেপাল: ৩৪.৭
  • ভারত: ২৫.৫
  • শ্রীলঙ্কা: ৫১.৪

দেখা যাচ্ছে, দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা তুলনামূলকভাবে এগিয়ে।

উন্নত প্রযুক্তি ও কঠোর নিয়মের কারণে কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার পানির মান বিশ্বে শীর্ষ পর্যায়ে।

  • কানাডা: ৯৯.৭
  • অস্ট্রেলিয়া: ৯৯.২
  • যুক্তরাষ্ট্র: ৯৯.৫

উচ্চ মানের পানির তালিকার অন্যতম দেশএই দেশগুলোতে পানি নিরাপত্তা নিশ্চিত করা হয় অত্যাধুনিক পরিশোধন প্লান্ট, পরীক্ষাগার এবং আইনগত কঠোরতার মাধ্যমে।

তালিকায় বাংলাদেশের স্কোর ৩২.৬। এই মান খুব ভালো না হলেও উন্নতির সুযোগ ও সম্ভাবনা রয়েছে। দেশে ভূগর্ভস্থ পানি, নদী ও জলাধার থাকলেও দূষণ, শিল্পবর্জ্য, অপর্যাপ্ত পরিশোধন এবং জনসংখ্যার চাপ পানির মানকে প্রভাবিত করে যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানির দেশগুলো শুধু প্রাকৃতিক সম্পদেই নয় কঠোর নীতি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে পানি নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশও চাইলে সঠিক পরিকল্পনা, পরিশোধন প্রযুক্তিতে বিনিয়োগ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই তালিকায় উপরের দিকে উঠতে পারে।

Advertisements