কাবিননামায় আগের বিয়ের তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে রিট

বর ও কনের আগের ও বর্তমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য কাবিননামায় বাধ্যতামূলকভাবে উল্লেখের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তথ্য গোপন করে বিয়ে ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় এসব তথ্য সংযুক্ত ও যাচাইয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট আবেদন করেন। একই সঙ্গে কাবিননামায় ভরণপোষণ, অভিভাবকত্বসহ আগের সম্পর্ক থেকে তৈরি হওয়া অন্যান্য আইনগত দায়বদ্ধতার তথ্য যুক্ত করার পাশাপাশি জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্তির নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ডি’ কাবিননামায় বর ও কনের আগের ও বর্তমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও বিচ্ছেদের নিবন্ধন, সন্তান এবং আগের সম্পর্ক থেকে চলমান আইনগত দায়বদ্ধতার বিষয়ে সমানভাবে তথ্য প্রকাশ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।
বর্তমান ফরমে বরের বর্তমান স্ত্রী এবং আরেকটি বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের অনুমতির বিষয়ে তথ্য চাওয়া হলেও তার সব আগের বিয়ে, বিচ্ছেদ, সাবেক স্ত্রী ও সন্তান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের আগের বৈবাহিক ইতিহাস যাচাইয়েরও কোনো সমতুল্য ব্যবস্থা নেই।
আবেদনে বলা হয়েছে, বিয়ের আগে এসব তথ্য গোপন করলে প্রতারণা ও পারিবারিক বিরোধ তৈরি হতে পারে। এতে একজন ব্যক্তি বিয়ের বিষয়ে স্বাধীন ও সম্পূর্ণ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। একই সঙ্গে আগের স্ত্রী বা স্বামী এবং সন্তানদের অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিটে বর ও কনের সব আগের ও বর্তমান বিয়ে, এসব বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তান এবং চলমান ভরণপোষণ, অভিভাবকত্বসহ অন্যান্য আইনগত দায়বদ্ধতার তথ্য কাবিননামায় অন্তর্ভুক্ত ও যাচাইয়ের ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন, রিটটির শুনানি আগামী সপ্তাহে হতে পারে।



