বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
ফ্যাশন

হালকা শীতে কি পরবেন

FB_IMG_1763966810401

বাংলার হালকা শীত মানেই সকাল–দুপুরে রোদ আর বিকেল–রাতে খানিকটা ঠান্ডা হাওয়া। তাই এখনো ভারি সোয়েটার বা জ্যাকেট পরার প্রয়োজন হয় না। কিন্তু সন্ধ্যার ঠান্ডা সামলাতে আর ফ্যাশনেবল থাকতে কিছু পোশাক এখনই আলমারি থেকে বের করে নেওয়া যায়। দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডও এই সময়ের জন্য হালকা শীতের উপযোগী নকশার পোশাক তৈরি করছে। এই পোশাকগুলো পরলে আরামে থাকা যাবে। আবার স্টাইলও মিলবে দারুণভাবে।

হালকা শীতে নারীদের জন্য সবচেয়ে আরামদায়ক ও স্টাইলিশ পোশাক হচ্ছে সুতির লম্বা হাতার কটি বা শ্রাগ। কামিজ, কুর্তি, টি-শার্ট যেকোনো কিছুর সঙ্গেই এগুলো মানিয়ে যায়। এমনকি শাড়ির সঙ্গেও কটি বা শ্রাগ পরে নেওয়া যায় আরামেই। ডেনিম ও গ্যাবার্ডিন কাপড়ে তৈরি টপ-বটম সেটগুলোও এখন বেশ জনপ্রিয়। লুজ প্যান্ট বা পালাজ্জোর সঙ্গে নানা কাটিংয়ের টপস দিনে বাইরে বের হলে আরাম দেবে। আবার লুকটাও হবে স্টাইলিশ।

সন্ধ্যার ঠান্ডা সামলাতে পুরুষেরা ফুলহাতা গেঞ্জির ওপর হাতাকাটা ডেনিম কটি পরে নিতে পারেন। হালকা শীতের জন্য এটি একদম উপযুক্ত। এখন নানা ধরনের কাপড়ে কটি পাওয়া যায়। সুতি, লিনেন, জর্জেটসহ আরও অনেক কিছু। ব্লক, বাটিক, এমব্রয়ডারির ডিজাইন করা কটি চাইলে অনুষ্ঠানেও পরে যাওয়া যায়।

পুরুষদের আরেক জনপ্রিয় পোশাক হলো ব্লেজার। আগের মতো শুধু কালো বা নেভি ব্লু নয়, এখন কিন্তু সুতির ব্লেজারে পাওয়া যাচ্ছে হট পিংক, লাল, সবুজ, লেমন ইত্যাদি আকর্ষণীয় রং। ফরমাল বা ক্যাজুয়াল দুই পরিবেশেই মানিয়ে যায়। তবে অবশ্যই ফিটিং ভালো হতে হবে, নইলে পুরো লুকটাই নষ্ট হয়ে যায়।

Advertisements

শীত মানেই শাল ও চাদর। এদের কদর কখনোই কমে না। এখনকার ফ্যাশন হাউসগুলোতে একঘেয়ে ডিজাইনের শালে এসেছে নতুনত্ব। স্ক্রিন প্রিন্ট, প্যাচওয়ার্ক, ফুল–লতাপাতা কিংবা পাখির এমব্রয়ডারির নকশা। সহজে ব্যাগে রাখা যায় এমন হালকা শাল বেছে নিলে সারাদিন আরামেই থাকা যায়।

হালকা শীতের ভোর-বিকেলে পাতলা হুডিও বেশ আরাম দেয়। নিট ফ্যাব্রিক আর সুতির হালকা হুডিগুলো গরম রাখবে। আবার খুব ভারিও লাগবে না।

রঙ বাংলাদেশ, বিশ্বরং, কে-ক্র্যাফট, অঞ্জন’স, ইয়েলো, ইজি, ক্যাটসআই, এক্সট্যাসিসহ প্রায় সব ফ্যাশন ব্র্যান্ডেই রয়েছে হালকা শীতের পোশাকের সংগ্রহ। এ ছাড়া ঢাকা ও জেলা শহরের সুপার মার্কেট, নন-ব্র্যান্ড দোকান, ফুটপাত সব জায়গাতেই দাম অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রেন্ডি শীতের পোশাক পাওয়া যায়।

হালকা শীতে পোশাক নির্বাচনের মূল চাবিকাঠি হলো আরাম, হালকাতা আর সঠিক স্টাইল। নিজের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী কটি, শ্রাগ, টপ-বটম সেট, চাদর–শাল বা ব্লেজার পরে নিতে পারলেই শীতের প্রথম স্পর্শটা হবে আরামদায়ক এবং ফ্যাশনেবল।

Advertisements