২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

বিশ্বব্যাপী নেটব্যবহারে বিপত্তি: এক্সসহ বহু সাইট অকার্যকর

1763470908_network

মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং একাধিক জনপ্রিয় ওয়েবসাইট অচল হয়ে পড়ে। ব্যবহারকারীরা জানান, তাঁরা এক্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলেন না, নতুন পোস্ট দেওয়া সম্ভব হয়নি, এমনকি অনেকের অ্যাপও খুলছিল না। একই সময় বিভিন্ন ওয়েবসাইটও বন্ধ হয়ে যায় বা লোড নিচ্ছিল না। পরিস্থিতির প্রভাব ভারতেও স্পষ্টভাবে অনুভূত হয়।

বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ইলন মাস্কের সংস্থা এক্সের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ব্যবহারকারীদের অসন্তোষ আরও বেড়েছে।

ডাউনডিটেক্টর জানায়, ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এক্স–সংক্রান্ত ১১,৫০০-রও বেশি অভিযোগ জমা পড়ে। অনেকেই ফিড লোড না হওয়া, ওয়েবসাইটে প্রবেশে সমস্যাসহ সার্ভার সংযোগ বিচ্ছিন্নতার কথা জানিয়েছেন। ফলে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটি বড় অংশ একই সময়ে বিপর্যয়ের মুখে পড়ে।

এদিকে ওয়েব ইনফ্রাস্ট্রাকচার সংস্থা ক্লাউডফ্লেয়ার তাদের সার্ভারে বড় ধরনের বিভ্রাটের কথা নিশ্চিত করেছে। এই সার্ভার ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভূমিকা পালন করে। সার্ভার ত্রুটির কারণে অসংখ্য ওয়েবসাইট সচল না থাকায় সন্দেহ তৈরি হয়েছে—এক্সের সমস্যাও কি এর সঙ্গে যুক্ত? যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ক্লাউডফ্লেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার উৎস খতিয়ে দেখছে। বিভ্রাটের প্রভাবে সংস্থাটির শেয়ারের দামও ৪.১ শতাংশ কমে যায়।

Advertisements