ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরে তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করবেন।
ঢাকায় অবস্থানকালে তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে দেখা করবেন এবং যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ কর্মসূচিগুলোর কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন।
সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া অভিবাসন ও উন্নয়ন সহযোগিতা বিষয়ে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
জেনি চ্যাপম্যান বলেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশীদার। রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আমরা একসঙ্গে কাজ করছি—যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করছে।”
ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন জানিয়েছে, সফরকালে চ্যাপম্যান নতুন জলবায়ু সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন। এ সহায়তা বাংলাদেশসহ আরও কয়েকটি এশীয় ও আফ্রিকান দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যবহার হবে। এর আওতায় দুর্বল ও খাদ্য-নিরাপত্তাহীন পরিবারকে সহায়তা, জলবায়ু-সহনশীল কৃষি প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “মন্ত্রী চ্যাপম্যানের সফর দুই দেশের আধুনিক ও পারস্পরিকভাবে উপকারী অংশীদারত্বকে আরও দৃঢ় করবে। যুক্তরাজ্য বাংলাদেশের টেকসই উন্নয়ন ও মানবিক উদ্যোগে পাশে থাকবে।”



