২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

আফগানিস্তানে বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়

Untitled-2

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের সরকারি হাসপাতালগুলোতে বোরকা ছাড়া নারী রোগী, সেবিকা ও কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে, ৫ নভেম্বর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।

এমএসএফের আফগানিস্তান কর্মসূচির ব্যবস্থাপক সারা শাতো বলেন, “এই বিধিনিষেধ নারীদের জীবনে নতুন প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত করছে।” তিনি জানান, এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন এমন নারীরাও এই নিয়মের কারণে চিকিৎসা পাচ্ছেন না।

তবে তালেবান সরকারের মুখপাত্র এমএসএফের অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক মহলের সমালোচনার পর কিছু এলাকায় বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

এমএসএফ জানায়, হেরাত আঞ্চলিক হাসপাতালের শিশু বিভাগে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রথম কয়েক দিনে জরুরি নারী রোগীর ভর্তি ২৮ শতাংশ কমেছে। সংস্থার দাবি, তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা ছাড়া নারীদের ঢুকতে দিচ্ছে না।

তালেবান সরকারের ‘গুণ প্রচার ও অপকার প্রতিরোধ মন্ত্রণালয়’-এর মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার বলেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমাদের অবস্থান সাধারণভাবে হিজাব পরিধান নিয়ে।” তবে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, তালেবান প্রহরীরা হাসপাতাল, স্কুল ও সরকারি দপ্তরে প্রবেশের ক্ষেত্রেও নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করছে।

Advertisements