ঢাকায় নারী ক্রেতার আগ্রহে প্রাণবন্ত ইভি মেলা

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৫। তিন দিনের এই প্রদর্শনী যেন এক উৎসব সবুজ প্রযুক্তি, বৈদ্যুতিক যান আর নতুন প্রজন্মের উদ্ভাবনের। তবে এবারের মেলায় সবচেয়ে দৃষ্টি কাড়ছে এক নতুন দৃশ্য নারী ক্রেতাদের সক্রিয় অংশগ্রহণ।
পরিবেশবান্ধব, কম খরচের ও সহজ ব্যবস্থাপনার কারণে অনেক নারী এখন বৈদ্যুতিক স্কুটার ও ছোট ই-বাইকের প্রতি ঝুঁকছেন। তরুণ পেশাজীবী রুবিনা হক বললেন, “ইভি চালানো সহজ, খরচও কম। নিরাপত্তা ফিচারগুলোও বেশ আধুনিক—তাই এখন গাড়ি কেনার আগে প্রথমেই বৈদ্যুতিক মডেলগুলো দেখি।”
বিওয়াইডির বিক্রয় নির্বাহী নুরুল আবছার জানালেন, নারী দর্শকদের আগ্রহ এবার আগের চেয়ে অনেক বেশি। “তাঁরা শুধু ডিজাইন নয়, প্রযুক্তি ও আরামের দিকেও নজর দিচ্ছেন,” বললেন তিনি।
মেলায় বিওয়াইডি, স্কাইওয়েল, ওয়ালটনসহ দেশি-বিদেশি ব্র্যান্ডের বিলাসবহুল ইভি, ই-বাইক ও স্কুটারের প্রদর্শনী চলছে। পাশাপাশি তরুণ উদ্ভাবক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও দেখাচ্ছেন নিজেদের তৈরি বৈদ্যুতিক যান—প্রমাণ দিচ্ছেন, বাংলাদেশের ভবিষ্যৎ মোটরযান শিল্পে নারীর অংশগ্রহণ এখন আর স্বপ্ন নয়, বাস্তবের পথে।
ইভি মেলায় এবার নারীর উপস্থিতিই নতুন শক্তি। তাঁদের আগ্রহেই বৈদ্যুতিক ভবিষ্যৎ পাচ্ছে নতুন গতি।



