আসন্ন নির্বাচনে তিন আসনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবার ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে নির্বাচনে লড়বেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“দীর্ঘ ১৬ বছর পর আমরা গণতান্ত্রিক নির্বাচনের পথে হাঁটছি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রার্থী থাকবে, সেখানে বিএনপি সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়া বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। দলীয় নেতাদের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে দলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনবে।



