বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
জীবনযাপন

জাপানি কৌশলে সঞ্চয়

220-SM720771

মাসের শুরুতে হাতে টাকা থাকলেও অনেকেরই মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায়। আবার কেউ কেউ বিভিন্ন ঝামেলা ও অনিয়মিত খরচের কারণে সঞ্চয়ই করতে পারেন না। কিন্তু জরুরি সময়ে কিংবা ভবিষ্যতে নিরাপদ থাকতে সঞ্চয়ের বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলেন, আয়ের অন্তত এক-চতুর্থাংশ সঞ্চয় করলে অবসরের পর অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সহজ হয়।

তবে সমস্যা হলো, অনেকেই জানেন না কীভাবে টাকা জমাতে হবে, কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি হয়, বা কোন খাতে খরচ কমানো যায়। এমন মানুষদের জন্যই জনপ্রিয় হয়ে ওঠেছে জাপানি সঞ্চয় পদ্ধতি কাকেবো।‘কাকেবো’ শব্দটির অর্থ ঘরের খরচের খাতা। জাপানে ১৯০৪ সালে সাংবাদিক হানি মোতোকো প্রথম এই ধারণা জনপ্রিয় করেন। এই পদ্ধতির মূল ধারণা হলো প্রথমে সঞ্চয়, তারপর খরচ।আমরা সাধারণত খরচ মিটিয়ে যা থাকে তাই সঞ্চয় করি। কিন্তু কাকেবো বলছে, প্রথমেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখুন। তারপর বাকি টাকা দিয়ে মাসটা কীভাবে কাটাবেন, সেটার হিসাব করুন।

ধরা যাক, আপনার মাসিক আয় ৪০,০০০ টাকা। আপনি মাসে ৩,০০০–৫,০০০ টাকা সঞ্চয় করতে চান। কাকেবো বলছে, মাসের প্রথম দিনই এই টাকা আলাদা করে জমা রাখুন। এরপর বাকি টাকা দিয়ে মাসজুড়ে হিসেব করে খরচ চালান।

কাকেবো নিয়ম মেনে চললে একটি খাতা রাখতে হবে। সেখানে প্রতিমাসে প্রশ্নগুলোর উত্তর লিখে রাখুন।

Advertisements

১. মাসে আপনার হাতে মোট কত টাকা আছে? বেতন, বাড়তি আয়—সব মিলিয়ে।

২. কত টাকা সঞ্চয় করবেন? এই অংশটি খরচের আগে লিখুন এবং আলাদা করে রাখুন।

৩. কোন খাতে কত খরচ হচ্ছে? নিত্যপ্রয়োজন, পরিবহন, বিনোদন—সব খরচ লিখে রাখুন।

৪. কোথায় খরচ কমানো যায়? অনাবশ্যক খাত খুঁজে বের করুন। সেই টাকা সঞ্চয়ে যুক্ত করুন।

কাকেবো পদ্ধতিতে বেশ কিছু সুবিধা রয়েছে। খরচের স্বচ্ছ ধারণা পাওয়া যায়। অপ্রয়োজনীয় খরচ কমে। সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়। ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা মজবুত হয়।সঞ্চয় কোনো বিলাসিতা নয় এটি ভবিষ্যতের নিরাপত্তা। আয় যতই হোক, পরিকল্পনা ছাড়া টাকা জমানো সম্ভব নয়। তাই আপনি যদি নিয়ম করে সঞ্চয় করতে চান, তবে কাকেবো পদ্ধতিতে মাসজুড়ে হিসেব লিখে রাখুন এবং সঞ্চয়কে আপনার খরচের অঙ্গ বানিয়ে ফেলুন।এভাবে চললে মাস শেষে আপনি নিজেরই পরিবর্তন দেখে অবাক হবেন!

Advertisements