দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। দুই ফরম্যাটের সিরিজটি হবে ভারতে। ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে ভারত সফর করবে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে। সূচি প্রস্তুতে আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ধারণা করা হচ্ছে– কলকাতা ও কটকে সিরিজের ম্যাচগুলো হতে পারে।

বর্তমানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। ফলে বাংলাদেশ-ভারতের আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’
এদিকে আগামী ৮ নভেম্বর থেকে নারী এনসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। নিজের ফিটনেসের উন্নতির লক্ষ্যে এই ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এছাড়াও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এই টুর্নামেন্টে খেলবেন না বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আট দলের মধ্যে তাদের অবস্থান ছিল সাত নম্বরে।



