১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

দেবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও হারিয়েছেন তাসনিয়া ফারিণ

WhatsApp Image 2025-10-27 at 17.19.05_75f4f593

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ। একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন। অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে দর্শকের মন জয় করেন। তাসনিয়ার সেই রেশ এখনও ভোলেনি কলকাতা।

দেবের সঙ্গে সিনেমার জন্য ডাকও পান এই অভিনেত্রী। কিন্তু ভিসা জটিলতায় হাতছাড়া হয় সুযোগ। অবশেষে কাঁটাতারের ওপারে যাওয়ার সুযোগ মেলে ফারিণের, সেখানে দেবের মুখোমুখিও হন অভিনেত্রী।

বর্তমানে কলকাতা সফরে রয়েছেন ফারিণ, টালিগঞ্জের অন্দরে ঘুরাঘুরি করছেন। সেখানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরীও। সেখানে দেখাও হয় তাদের; অভিনেত্রী কোয়েল মল্লিকের বিশেষ সাড়া পেয়ে তার সিনেমা ‘স্বার্থপর’ দেখলেন বাংলাদেশের দুই তারকা।

এরই মধ্যে রোববার (২৬ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তাসনিয়া ফারিণ। এক সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, দেশের বিনোদন অঙ্গনের অবস্থা নিয়ে কথা বলেন অভিনেত্রী। এই সাক্ষাৎকারে একাধিক প্রশ্ন ছোড়া হয় তাকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে। তাসনিয়া বলেন, তিনি রাজনীতিমনস্ক নন, শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করেন।

এরই মধ্যে গুঞ্জন ওঠে, অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবিতে ফারিণ-চঞ্চলকে একসঙ্গে দেখা যেতে পারে। তবে এ প্রসঙ্গে স্পষ্ট নন ফারিণ। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আগামী ছবি কি না জানি না। তবে অনেক আগে থেকেই টোনিদার (অনিরুদ্ধ রায়চৌধুরী) সঙ্গে কথা চলছে। তার সঙ্গে কাজের জন্য মুখিয়ে। আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কি না এটাও কিন্তু জানি না।’ 

দেবের নায়িকা হওয়ার সুযোগ হারানর প্রসঙ্গ নিয়ে ফারিণ বলেন, ‘ওনারা অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আর হল না। এই তো, দিন দুই আগে ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে দেখাও হল দেবদার সঙ্গে। তিনি বললেন, “যাক! অবশেষে এলে। দেখা হল আমাদের।” এর আগে দেবদার সঙ্গে ফোনে কথা হয়েছিল। মুখোমুখি এই প্রথম।’

দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের কাজের ধরন নিয়ে জানতে চাইলে ফারিণ বলেন, ‘কাজের ধরনে পার্থক্য রয়েছে। এখানকার কাজ অনেক বেশি সুসংগঠিত ও পেশাদার। আবার একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক— পার্থক্য কই?’

এছাড়াও টলিউডে যেমন বিষয় বা গল্পের প্রাধান্য বেশি সম্প্রতি তেমনই ছবি তৈরি হচ্ছে। ঢালিউড নতুন কী ভাবছে- এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, এখন আমাদের বাজেটে পরিবর্তন এসেছে, বড় বাজেটের কাজ হচ্ছে। প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। এমন কিছু মানুষ এসেছেন, যাঁরা শুধুই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। এতে একটা সুবিধা হয়েছে। আমরা আগে যে গল্প বলতাম, সেটা আরও বড় করে বলতে পারছি। বিভিন্ন দেশ মিলিয়ে শুটিং হচ্ছে। যে গল্প আগে বলার সাহস দেখানো হয়নি, সে গুলো এখন ছবি, সিরিজ় বা নাটকে দেখানো হচ্ছে। এগুলোই আমাদের নতুনত্ব।

Advertisements