জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ এবার ওটিটিতে

এ বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। প্রেক্ষাগৃহের পর এবার আসছে ওটিটি পর্দায়।
ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি তাদের অফিসিয়াল পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘গ্রামীণ জীবনের নিঃস্বার্থ প্রেম ও প্রতারণার গল্প কি নকশীকাঁথার জমিনে জায়গা পায়?’- যা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

আজ থেকে সিনেমাটি দেখা যাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আকরাম খান পরিচালিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-এর বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ জীবনের টানাপোড়েন, প্রেম, বিশ্বাসঘাতকতা ও মানবিক বেদনার চিত্র উঠে এসেছে।
সিনেমাটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এছাড়াও দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।



