বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

রাকসু নির্বাচনে জয়ী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস

WhatsApp Image 2025-10-17 at 20.02.54_85b3e907

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নার্গিস খাতুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। নার্গিস খাতুন জাতীয় মহিলা ফুটবল দলেরও খেলোয়াড়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে নার্গিসকে বিজয়ী ঘোষণা করে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন নার্গিস খাতুন। তিনি মোট ৭ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হামিদুল্লাহ নাঈম পেয়েছেন ৫ হাজার ২৩৮ ভোট।

নির্বাচিত হবার পর নার্গিস খাতুন বলেন, ‘ছাত্রদলের প্যানেলে প্রার্থী হলেও আমি কোনো দলের রাজনীতি করি না। আমি কোনো দলের সদস্যও নই। শুধু ভোট করার জন্যই প্যানেলে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘রাকসুতে আমি ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ভোটে অংশ নিয়ে বিজয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ! আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। এখানে শুধু আমি জয়ী হই নাই, জয়ী হয়েছেন আমাকে ভোট দেওয়া প্রত্যেক ভোটার, জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা দল-মত নির্বিশেষে যোগ্যতার মূল্যায়ন করেছেন। তারা আমাকে বিশ্বাস করেছেন। আমি তাদের বিশ্বাসের মর্যাদা দেব।’

নারী ফুটবলার নার্গিস বলেন, ‘সবাই যোগ্যতার ভিত্তিতে ভোট দিয়েছেন। আমি দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়েও খেলেছি। এ কারণে তারা আমার যোগ্যতাকে মূল্যায়ন করেছেন। শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন। আমি তাদের পছন্দকে সম্মান করি।’

তিনি আরও বলেন, ‘ক্রীড়া সম্পাদক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও ক্রীড়া সেক্টরকে এগিয়ে নিতে কাজ করবো। আমি আমার শতভাগ চেষ্টা দিয়ে কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলা শুরু করেন নার্গিস। ২০১৪ সালে বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৪ ফুটবল দলে খেলার সুযোগ হয়। এরপর দেশের হয়ে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ২০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেন তিনি। দেশের বাইরে জাপান, কোরিয়া, চীনসহ ১০টি দেশে বাংলাদেশের হয়ে খেলেছেন।

নার্গিস খাতুন বলেন, খেলা শুরুর সময় গ্রামের প্রতিবেশীদের অনেক কটু কথা শুনতে হয়েছে। তবে তাঁদের কথায় আমি থেমে যাইনি।