বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ইসরায়েল লাইভ গণহত্যাকাণ্ড চালাচ্ছে: থুনবার্গ

WhatsApp Image 2025-10-07 at 13.43.28_d4359457

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ‘লাইভ-স্ট্রিমড গণহত্যা’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেন, ‘আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে—এটি একটি লাইভস্ট্রিমড গণহত্যা।

সোমবার (৬ অক্টোবর) গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটাসহ অন্য অধিকারকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা। সে সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ বলেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং আসল গল্প হলো অন্য কিছু।

তিনি আরও বলেন, ‘আমাদের আটক অবস্থায় কীভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি, বিশ্বাস করুন। কিন্তু সেটাই আসল গল্প নয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে—এটি একটি লাইভস্ট্রিমড গণহত্যা।’

থুনবার্গ বলেন, ‘আজ কেউ এই অজুহাত দিতে পারবে না যে তারা জানত না কী ঘটছে। ভবিষ্যতেও কেউ বলতে পারবে না—‘আমরা জানতাম না’। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা ‘গণহত্যার উদ্দেশ্যে’ সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং ‘একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায়।

তিনি আরও বলেন, ‘আমি কখনও বুঝতে পারব না মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে। লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে—যারা বছরের পর বছর অবরোধ, নিপীড়ন ও বর্ণবৈষম্যের মধ্যে বন্দি।’

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে থুনবার্গ বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে ‘আন্তর্জাতিক সংহতির প্রতীক’। 

তিনি জোর দিয়ে বলেন, ‘ইসরায়েল গণহত্যা থেকে কোনো দায়মুক্তি পেতে পারে না।’

উল্লেখ্য, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে ৪০টিরও বেশি নৌযানের একটি বহর নিয়ে গাজায় যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরাইল। আটক এসব অধিকারকর্মীদের গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও ১৭১ জনকে ফেরত পাঠিয়েছে ইসরাইল। ইসরায়েলের বন্দিদশায় কীভাবে নির্যাতিত হয়েছেন, সেই কথা জানিয়েছেন তারা।