আগামী বাংলাদেশ গড়বে আজকের শিশুরাই: উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্বে আসবে, দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তিনি বলেন, “তোমাদের মতো আমারও একটি স্বপ্ন আছে—একদিন বাংলাদেশ হবে এমন একটি দেশ, যেখানে শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও সমান সুযোগ থাকবে।”
সোমবার (৬ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ২০২৫’ ও ‘শিশু অধিকার সপ্তাহ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, শিশু বক্তা রূপ সঞ্চারী চর্চা ও মো. সামিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) দিলারা বেগম।
উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, ‘বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য—‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। এ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেটিকে দেখে বিশ্ব বলবে—এ দেশটি সত্যিই শিশুদের জন্য।’
তিনি বলেন, ‘একটি সুন্দর দেশ গঠনের যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, তাতে তোমরাই (শিশুরা) অনন্য ভূমিকা রাখছো। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে তোমরা অকপটে অংশগ্রহণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে বীরত্বগাথা রচনা করেছো। এতে প্রমাণ হয়েছে, তোমরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব নিয়ে নিয়েছো।’
উপদেষ্টা বলেন, ‘সত্যি বলতে, জুলাই আন্দোলন না হলে আমরা বুঝতেই পারতাম না—আমাদের কোমলমতি শিশুরা এ দেশকে কতটা ভালোবাসে। তোমরা অন্যায়ের সঙ্গে আপস না করে মাথা উঁচু করে লড়াই করতে জানো—এ প্রজন্মই আমাদের আশা।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিশুদের প্রতি গভীর স্নেহ ও ভালোবাসা পোষণ করেন। শিশুদের কল্যাণে নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম—শিশু-বান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ ‘শিশু আদালত’ স্থাপন, যা শিশুদের জন্য পুনর্বাসনমুখী ও প্রগতিশীল বার্তা বহন করছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ৬২ জন শিশুর পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এর আগে উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ আয়োজিত ‘বিশ্ব সেরিব্রাল পালসি দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।



