বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

রাজবাড়ীতে বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৩ লাখের বেশি শিশু

WhatsApp Image 2025-09-30 at 15.58.00_b05268c7

রাজবাড়ীতে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ১১ হাজার ৭২১ জন শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু করে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। মোট ১৮ কর্মদিবস পর্যন্ত চলবে এ কার্যক্রম।

১০ দিন টিকা দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকি ৮ দিন কমিউনিটি পর্যায়ে। ৩ লাখেরও বেশি শিশুর মধ্যে ২ লাখ ১২ হাজার ৫৮৮ জন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা পাবে এবং কমিউনিটিতে টিকা পাবে ৯৯ হাজার ১৩৩ জন। ৪২টি ইউনিয়নের ১২৮টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৬টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে উপজেলার অস্থায়ী কেন্দ্র ১ হাজার ২৪টি, পৌরসভার কেন্দ্র ৩৬টি এবং স্থায়ী কেন্দ্র ৬টি।

কর্মসূচিতে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সোহেল শেখ টাইফয়েড রোগের ভয়াবহতা ও টিকার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও পরীক্ষিত, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুরা যেন এই টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সরকার এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করছে।