আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন জাবি শিক্ষার্থী নুসরাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান লোপা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় (IAAC) গোল্ড মেডেল জিতেছেন।
এক বছরের অসাধারণ যাত্রা
২০২৪ সালে প্রথমবার আইএএসি প্রতিযোগিতার কথা শুনে নুসরাত। নতুন অভিজ্ঞতা, অজানা পথ – তারপরও তাঁর সাহস ছিল প্রবল। সিনিয়রদের সাপোর্টে প্রথম প্রতিযোগিতায় অংশ নিলেন। সেখানেও ব্রোঞ্জ মেডেল পান তিনি।
কিন্তু নুসরাত থেমে যায়নি। নিজের ইচ্ছাশক্তিকে আরও দৃঢ় করেছেন এবং আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। ২০২৫ সালে আবারও প্রতিযোগিতায় নাম লেখালেন। এবার লক্ষ্য ছিল– গোল্ড মেডেল। এক বছরের নিরলস পরিশ্রম, গভীর অধ্যয়ন আর অদম্য ইচ্ছাশক্তির ফলে সেই স্বপ্ন অবশেষে বাস্তব হলো।
এছাড়াও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান (আইএএসি) এবারের প্রতিযোগিতায় জাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনন্য সফল অর্জন করেছে। নুসরাত ছাড়াও এই প্রতিযোগিতায় জাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৭ জন সিলভার এবং ২৪ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন।
নিজের অর্জনের কথা জানিয়ে নুসরাত বলেন, আমাদের সবার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক অসাধারণ সাফল্য। সবার অবদানে আমাদের এই অর্জন। বিশেষ করে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ফান্ড প্রদান করা ও অনুপ্রাণিত করা। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ।
দেশের বিজ্ঞান চিন্তায় নতুন দিগন্ত
বিজ্ঞান শিক্ষায় আমাদের দেশে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সফল হওয়া সহজ নয়। কিন্তু নুসরাত ও তার সহপাঠীদের এই সাফল্য প্রমাণ করে যে, যথাযথ দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমানের অর্জন করতে পারেন। এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের বিজ্ঞান শিক্ষার মান ও সম্ভাবনার একটি উজ্জ্বল সূচক। এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণাদায়ক।



