সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টা থেকে শুরু হয়ে সাতটা পর্যন্ত টানা হয়েছে। রাতেও থেমে থেমে হয়েছে। ফলে ঢাকা শহরের বেশির ভাগ রাস্তা পানিতে ডুবে গেছে।

সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট এবং জিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়। ফলে পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীমা নাসরিন জানান, কারওয়ান বাজারে অফিসে যাওয়ার পথে তাকে গ্রিনরোডে হাঁটুসমান পানি পার হতে হয়েছে। আরেক চাকরিজীবী শিপন আহম্মেদ জানান, তিনি ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও জানান, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং আজ থেকে আরও বৃষ্টি বাড়তে পারে।



