ছবি আসল, নাকি এআইয়ের তৈরি? সহজেই শনাক্ত করার কয়েকটি উপায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য ছবি ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিছু বাস্তব ঘটনার, আবার কিছু তৈরি করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। কখনো বাঘের রাস্তা দখল, কখনো অদ্ভুত কোনো দুর্ঘটনা কিংবা পরিচিত ব্যক্তির বিতর্কিত মুহূর্ত—এমন ছবি মুহূর্তেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। অনেকেই সত্যতা যাচাই না করেই এসব ছবি শেয়ার করছেন। অথচ পরে দেখা যাচ্ছে, ছবিতে দেখানো ঘটনাটির বাস্তবে কোনো অস্তিত্বই নেই।
প্রযুক্তির উন্নতির ফলে এআই দিয়ে তৈরি ছবি এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত। আগে মানুষের অতিরিক্ত আঙুল, অস্বাভাবিক চোখ কিংবা মুখের গঠন দেখে সহজেই কৃত্রিম ছবি শনাক্ত করা যেত। কিন্তু আধুনিক এআই প্রযুক্তি এসব ত্রুটি অনেকটাই কাটিয়ে উঠেছে। ফলে সাধারণ চোখে আসল ও কৃত্রিম ছবির পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ছে।

তবে কিছু বিষয় সতর্কভাবে পর্যবেক্ষণ করলে সন্দেহজনক ছবি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। বিশেষ করে দুর্ঘটনা, রাজনৈতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো পরিচিত ব্যক্তিকে ঘিরে ছড়িয়ে পড়া ছবি যাচাই করা জরুরি।
ছবিটি কি অস্বাভাবিকভাবে নিখুঁত?

এআই দিয়ে তৈরি ছবির অন্যতম বৈশিষ্ট্য হতে পারে অস্বাভাবিক নিখুঁত উপস্থাপনা। ছবির মানুষ, ভবন কিংবা আশপাশের পরিবেশ এতটাই পরিষ্কার ও গোছানো দেখায় যে বাস্তবতার সঙ্গে কিছুটা অসামঞ্জস্য মনে হতে পারে।
উদাহরণ হিসেবে, একটি ব্যস্ত বাজারের ছবিতে কোথাও ময়লা নেই, প্রতিটি দোকান পরিপাটি এবং সব পণ্য নিখুঁতভাবে সাজানো। আবার মানুষের মুখে স্বাভাবিক ত্বকের দাগ, বলিরেখা কিংবা অন্যান্য বৈশিষ্ট্য অনুপস্থিত থাকতে পারে। আলো ও রঙের ব্যবহারও কখনো অতিরিক্ত আকর্ষণীয় মনে হয়। এমন অস্বাভাবিক নিখুঁত দৃশ্য চোখে পড়লে ছবিটির উৎস যাচাই করা ভালো।
ছবির মধ্যে থাকা লেখা ও সাইনবোর্ড দেখুন
এআই দিয়ে তৈরি ছবিতে লেখা একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। দোকানের সাইনবোর্ড, রাস্তার নির্দেশনা, পোস্টার কিংবা গাড়ির নম্বরপ্লেটে অস্বাভাবিক অক্ষর বা বানান দেখা যেতে পারে। অনেক সময় শব্দের কোনো অর্থ থাকে না, আবার কোথাও একই অক্ষর বারবার ব্যবহৃত হয়।
বাংলা লেখার ক্ষেত্রেও যুক্তবর্ণ, অক্ষরের গঠন কিংবা বানানে অসংগতি থাকতে পারে। ছবিতে কোনো প্রতিষ্ঠানের নাম একাধিক জায়গায় থাকলে সেগুলোর বানান ও গঠন মিলিয়ে দেখা যেতে পারে।
হাত ও আঙুলের গঠন পরীক্ষা করুন
এআইয়ের তৈরি ছবিতে হাতের গঠন এখন অনেক উন্নত হলেও কিছু ক্ষেত্রে অসংগতি থেকে যায়। কারও আঙুলের সংখ্যা, দৈর্ঘ্য কিংবা অবস্থান অস্বাভাবিক হতে পারে। হাতের সঙ্গে কবজির সংযোগ অথবা কোনো বস্তু ধরে রাখার ভঙ্গিতেও ভুল দেখা যেতে পারে।
বিশেষ করে ছবিতে একাধিক মানুষ থাকলে তাদের হাত ও আঙুল ভালোভাবে পর্যবেক্ষণ করুন। ছোট কোনো অসংগতি ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
ছবির পেছনের দৃশ্যেও থাকতে পারে অসংগতি
ছবির মূল বিষয় দেখতে গিয়ে অনেকেই পেছনের অংশ খেয়াল করেন না। অথচ এআই দিয়ে তৈরি ছবির ভুল অনেক সময় সেখানেই ধরা পড়ে। পেছনে থাকা মানুষের মুখ, গাড়ির চাকা, ভবনের জানালা কিংবা রাস্তার অন্যান্য বস্তু অস্বাভাবিক হতে পারে।
কখনো দুটি বস্তু একে অপরের সঙ্গে মিশে যায়, আবার কোনো মানুষের মুখ বা শরীরের গঠন ঠিকমতো বোঝা যায় না। একই ছবিতে কয়েকজন মানুষের মুখ কিংবা পোশাকও অস্বাভাবিকভাবে মিলতে পারে। তাই সন্দেহজনক ছবি বড় করে দেখে পেছনের ছোটখাটো বিষয়গুলোও পরীক্ষা করা প্রয়োজন।
আলো ও ছায়ার সামঞ্জস্য যাচাই করুন

বাস্তব ছবিতে আলোর উৎস অনুযায়ী সাধারণত বস্তুর ছায়া তৈরি হয়। কিন্তু এআই দিয়ে তৈরি কিছু ছবিতে আলো ও ছায়ার মধ্যে অসংগতি দেখা যায়। যেমন, একই ছবিতে একজনের ছায়া একদিকে এবং অন্যজনের ছায়া সম্পূর্ণ ভিন্ন দিকে পড়তে পারে।
এ ছাড়া আয়না, জানালার কাচ কিংবা পানিতে থাকা প্রতিফলনও পরীক্ষা করুন। কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অবস্থানের সঙ্গে তার প্রতিফলন মিলছে কি না, তা খেয়াল করুন। এসব জায়গায় অসংগতি থাকলে ছবিটি নিয়ে সন্দেহ করা যেতে পারে।
একই ধরনের বস্তু বারবার দেখা যাচ্ছে কি না দেখুন
কিছু এআই ছবিতে একই ধরনের মানুষ, বস্তু কিংবা নকশার পুনরাবৃত্তি দেখা যায়। যেমন, জনসমাগমের ছবিতে কয়েকজনের মুখ প্রায় একই রকম, বাজারের দোকানে একই ধরনের পণ্য বারবার সাজানো কিংবা ভবনের জানালা ও রাস্তার বাতির নকশা অস্বাভাবিকভাবে পুনরাবৃত্ত হতে পারে।
বিশেষ করে যেখানে অনেক মানুষ বা বস্তু রয়েছে, সেসব ছবিতে এ ধরনের বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত।
গুগল লেন্সের সাহায্যে ছবির উৎস খুঁজুন
ছবির সত্যতা যাচাইয়ের জন্য গুগল লেন্স একটি কার্যকর মাধ্যম। এর সাহায্যে একই বা কাছাকাছি ছবি ইন্টারনেটে আগে কোথায় প্রকাশিত হয়েছে, তা খুঁজে দেখা যায়।

মুঠোফোনে ছবিটি সংরক্ষণ করে গুগল লেন্সের মাধ্যমে অনুসন্ধান করুন। এরপর ছবিটির সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট ও অন্যান্য প্রকাশনা যাচাই করুন। ছবিটি পুরোনো কোনো ঘটনার কি না, কিংবা অন্য দেশের ছবি নতুন ঘটনার নামে প্রচার করা হচ্ছে কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। ধরুন, বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার ছবি হিসেবে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু গুগল লেন্সে অনুসন্ধান করে দেখা গেল, একই ছবি কয়েক বছর আগে অন্য একটি দেশের ঘটনার সঙ্গে প্রকাশিত হয়েছিল। তখন বোঝা যাবে, ছবিটির সঙ্গে দেওয়া তথ্য বিভ্রান্তিকর হতে পারে।
সত্যতা যাচাই ছাড়া ছবি শেয়ার নয়
মনে রাখতে হবে, ছবিতে একটি বা একাধিক অস্বাভাবিকতা থাকলেই সেটি এআই দিয়ে তৈরি—এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাস্তব ছবিতেও ক্যামেরার মান, আলো, অ্যাঙ্গেল কিংবা সম্পাদনার কারণে অসংগতি দেখা দিতে পারে। আবার উন্নত এআই প্রযুক্তিতে তৈরি ছবিতে এসব ভুল নাও থাকতে পারে।
তাই শুধু চোখের দেখার ওপর নির্ভর না করে ছবির উৎস, প্রকাশের সময়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে সংবেদনশীল কোনো ঘটনা বা ব্যক্তিকে নিয়ে ছড়িয়ে পড়া ছবি যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। কারণ একটি ভুয়া ছবি মুহূর্তেই বিভ্রান্তি, আতঙ্ক কিংবা ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে।



