বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জীবনযাপন

পুজোর আগে রন্ধনঘরের সাজেও আসুক নতুনত্ব

309f2f583accd399707d803639bb0720

পুজো মানেই খাওয়াদাওয়া, অতিথি আপ্যায়ন আর উৎসবের আমেজ। এই সময়ে ঘরের অন্দরসজ্জায় যেমন নতুনত্ব আসে তেমনই দরকার রান্নাঘরেরও একটু রূপবদল। কারণ পুজোর আসল আনন্দের বড় অংশ জড়িয়ে থাকে হেঁশেলের সঙ্গেই। তাই অল্প খরচেই যদি রান্নাঘর হয়ে ওঠে ঝকঝকে ও সুন্দর, তবে উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়। দেখে নেওয়া যাক কিছু সুন্দর আইডিয়া।

দেওয়ালে নতুন ছোঁয়া  – পুরো রান্নাঘর রঙ করা সময়সাপেক্ষ। তার বদলে রঙিন ওয়ালপেপার বা মজার স্টিকার লাগিয়ে ফেলুন। চাইলে আলমারির দরজা বা ড্রয়ারে স্প্রে পেইন্টের টাচ দিতে পারেন। সঙ্গে সঙ্গেই বদলে যাবে রান্নাঘরের চেহারা।

সবুজের ছোঁয়া  – একটু সবুজ গাছ রাখলেই জায়গাটা প্রাণবন্ত হয়ে ওঠে। কাচের বোতলে নিজের মতো করে রং করে নিন আর তাতে সাজান মানিপ্ল্যান্ট। রান্নাঘর হবে সতেজ আর সুন্দর।

দেওয়ালে পোস্টারের মজা –  খালি দেওয়ালকে জীবন্ত করে তুলতে ঝুলিয়ে দিতে পারেন মজার কিছু রান্না-সংক্রান্ত পোস্টার বা উদ্ধৃতি। দেখবেন রান্নাঘর পেয়ে যাবে একেবারে নতুন আবহ।

সরঞ্জামে বৈচিত্র্য –  কেবল রান্নার কাজের জন্য নয়, সরঞ্জামগুলোও হতে পারে সাজের অংশ। রঙিন হাতা-খুন্তি বা আকর্ষণীয় ডিজাইনের মশলার কৌটো কিনে তাক সাজিয়ে রাখুন। এতে রান্নাঘর দেখতেও সুন্দর লাগবে, আবার কাজেও সুবিধা হবে।

আলো আর শো-পিসের ছোঁয়া –  হেঁশেল মানেই কেবল হাঁড়ি-পাতিল নয়। ছোট্ট কিছু শো-পিস বা ঝুলন্ত লাইট লাগালেই তৈরি হবে উৎসবের আমেজ। হলুদ আলোয় রান্নাঘর যেন আরও উষ্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে।

পুজোর আগে তাই শুধু বসার ঘর নয়। একটু যত্ন নিন আপনার হেঁশেলেও। অল্প খরচে এই ছোট্ট পরিবর্তনগুলো আপনার রান্নাঘরকে করে তুলবে একেবারে নতুন আর প্রাণবন্ত।

Advertisements