হোম থিয়েটারের প্রথম শর্টফিল্ম ‘নারী তুমি আওয়াজ তোলো’

বিভিন্ন ধরনের ফিল্ম প্রকাশ ও প্রদর্শনের জন্য এবার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে হোম থিয়েটার। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তি পায় প্রথম শর্টফিল্ম ‘নারী তুমি আওয়াজ তোলো’।
চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, প্রহেলিকা, প্রসূন আজাদ প্রমুখ।
হোম থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক ও নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, এটি কোনো প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্ম নয়; আপাতত ফেসবুক পেজের মাধ্যমেই এটি পরিচালিত হবে। তিনি আরও বলেন, ‘এখানে শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়ানোই আমাদের মূল লক্ষ্য। হোম থিয়েটার কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি আন্দোলন। ’
‘নারী তুমি আওয়াজ তোলো’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয়ে ছিলেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহিসহ আরও অনেকে।



