অপেশাদারিত্ব নয়, নিজে থেকেই ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা

বলিউডের মেগাবাজেট সিনেমা ‘কল্কি’তে নজরকাড়া পারফরম্যান্স দীপিকা পাড়ুকোনের। কিন্তু তারপরও অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে। যার কারণে সিনেমাটির সিক্যুয়েলে দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে।
নির্মাতাদের দাবি, দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাঁকে এই সিনেমায় নেওয়া যাচ্ছে না। কিন্তু অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকা নিজে থেকেই সিক্যুয়েল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রটি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। তবে পরবর্তীতে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। যেখানে তাঁকে ছোট একটি চরিত্রে আনা হয়। তাই অভিনেত্রী ও তার টিম সিক্যুয়েল থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
সিনেমাটিতে দীপিকা তার দক্ষতা ও সাহস দেখিয়েছেন। সিনেমার কিছু দৃশ্যে তিনি চ্যালেঞ্জিং অ্যাকশন ও চারিত্রিক গভীরতা দেখিয়েছিলেন। যা দর্শক ও সমালোচকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। তবে এবার সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে একরকম হতাশা সৃষ্টি করেছে।
অভিনেত্রী হিসেবে বলিউডে শক্তিশালী অবস্থান দীপিকা পাড়ুকোনের। কিন্তু এই সিনেমার নির্মাতাদের চিত্রনাট্য পরিবর্তনের মাধ্যমে দীপিকাকে ক্যামিও চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নায়িকার জন্য অপমানজনক বলেও মনে করছেন তার ভক্তরা।



