বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
বিনোদন

লন্ডন-রোম-মুম্বাই ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

IMG-20250917-WA0007

লন্ডন, রোম, মুম্বাইসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র উৎসবে আলোচনায় আসা পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে লীসা গাজী পরিচালিত এই চলচ্চিত্র।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দীপা। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বেড়ে ওঠা দীপা কৈশোরে নেওয়া এক সিদ্ধান্তের কারণে পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাঙ্ক কলে বিয়ে করতে বাধ্য হয়। একা লন্ডনে পাড়ি জমানোর পর ভাগ্য তাকে নিয়ে যায় অজানা পথে, যেখানে তার সামনে এসে দাঁড়ায় অপ্রত্যাশিত কঠিন বাস্তবতা। সে কি পারবে একা লড়াই চালিয়ে যেতে—এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে সিনেমায়।

চলচ্চিত্রে দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এছাড়া অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা দৃশ্যগুলোতে ব্যবহার করা হয়েছে শতভাগ অন-লোকেশন সাউন্ড, কোনো ডাবিং ছাড়াই।লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন জিত। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে এবং আনান সিদ্দীকা। ক্যামেরায় ছিলেন যোহায়ের মুসাভভির, আর সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম।পরিচালক লীসা গাজীর ভাষায়, “এই চলচ্চিত্র কোনো বিষণ্নতা নয়, বরং জীবনের জয়গান। দীপার চরিত্রের মধ্য দিয়ে আমি তুলে ধরতে চেয়েছি স্বাধীনভাবে বাঁচার সাহস।”

অন্যদিকে প্রযোজক আরিফুর রহমান বলেন, “দীপা চরিত্রে আমি আমাদের আশেপাশের বাস্তব মানুষদের প্রতিচ্ছবি দেখি। প্রচলিত বীরত্বকথার বাইরে গিয়ে এ গল্প আমাদের কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়।”

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর অক্টোবর থেকে সিনেমাটি প্রদর্শিত হবে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ায় পরিবেশনার দায়িত্বে রয়েছেন সাকিব ইফতেখার ও ফয়সাল বাসার, প্রতিষ্ঠান স্ক্রিনস্কোপ থেকে।উল্লেখ্য, ‘বাড়ির নাম শাহানা’ ২০২৩ সালের এমএএমআই মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতে নেয়। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয় দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র হিসেবে। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার অর্জন করে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনীত হয় সেরা চলচ্চিত্র বিভাগে। পাশাপাশি আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নেয় রানারআপ জুরি পুরস্কার।

Advertisements