বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিনোদন

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পর্দা উঠছে

WhatsApp Image 2025-09-17 at 14.14.15_812e2a8c

আজ থেকে পর্দা উঠছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’ সিনেমা দিয়ে উৎসবের পর্দা উঠছে। ৩০তম এ আসরে মূল প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের তিন সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য ছবি। প্রথমবারের মতো বুসান উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’।

এশিয়ার আলোচিত সিনেমা দিয়ে প্রতিবছর সাজানো হয় ‘আ উইন্ডো অন এশিয়ান’ সিনেমা বিভাগ। এবার বাংলাদেশের সিনেমা বালুর নগরীতে এ বিভাগে জায়গা পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা এটা। এ বছর ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি থেকে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে সিনেমাটি।

সিনেমাটির মূল গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যিনি বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করেন। ‎বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পান। এ রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে।

২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে (এপিএম) চলবে। এপিএম এ ৩০ প্রজেক্টের মধ্যে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি সিনেমার চিত্রনাট্য। এর আগে বুসান উৎসবের অফিশিয়াল শাখা নিউ কারেন্টস পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব সরকার। এবার তিনি বুসানের প্রজেক্ট মার্কেটে যাচ্ছেন দ্য ম্যাজিক্যাল মেন সিনেমা নিয়ে। এ ছাড়া মির্জা শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা সাইলেন্স অব দ্য লুমস প্রজেক্ট মার্কেটে জায়গা পেয়েছে।

Advertisements

পরিচালক আবু শাহেদ ইমনের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও রয়েছে। তিনি ২০১২ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেন। সেই স্বল্পদৈর্ঘ্য দ্য কনটেইনার কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএফএফ বা বিফ) এশিয়ান প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। ১৩ বছর আগের সেই স্বল্পদৈর্ঘ্য সিনেমা আবারও বুসান উৎসবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে উৎসবে অংশ নিচ্ছে।

প্রথবার বুসানে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’
প্রথমবারের মতো বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম আসরে ভিশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রবর্তন করা হয়েছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কারটি দেওয়া হবে। বুসান চলচ্চিত্র উৎসবে ‘ভিশন এশিয়া’ বিভাগে অংশ নেওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিকে পুরস্কারটি দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisements