পাঠক কর্নার
“দেখা হবে না তোমার-আমার”

দেখা হবে না তোমার-আমার
কেটে যাবে ছাব্বিশ বছর
এক এক চলে যাবে কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা
দেখা হবে না তবুও আর!
দৈর্ঘ্য বাড়বে মাঝবয়সী রাতের
মৃত্যু হবে তারাদের
বুড়ো হবে দুটো শরীর
সমুদ্রের পাড়ে পড়ে থাকবে খোলা নীল ঝিনুক
বালুচরে থেকে যাবে শাদা বকের দাগ
ভাঙা নৌকো ডুব যাবে পদ্মার জলে
নিভে যাবে চাঁদের আলো
ঘুমিয়ে যাবে পৃথিবী একপক্ষকাল
তবুও দেখা হবে না আর!
হলদে পাতার রঙে ভিড় জমাবে সবুজ পাতার দল
শীতের শেষে বসন্ত আসবে
ফুলে বসবে ভ্রমর
বর্ষায় বান ডাকবে নদী
বারান্দার দখিন কোণে বাসা বাঁধবে চড়ুই পাখি
সংসার পাতবে, ছানাপোনা বড় হবে
হয়তো আমাদের কথা আমাদের মনে পড়বে খুব
দেখা কি হবে;
তবু দেখা হবে না তোমার-আমার।



