বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

‎একদিকে শোক, অন্যদিকে ফল ঘোষণার কর্মযজ্ঞ

1000036073

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসু ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (২৯/৩১)। বৃহস্পতিবার রাতেই সিনেট হলের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শুক্রবার দুপুরে মরদেহ চারুকলা বিভাগে নেওয়া হলে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় কোনো বিরতি ছাড়াই দায়িত্ব পালনের কারণে এ ঘটনা ঘটেছে। কার্যনির্বাহী সদস্য প্রার্থী আনজুমান আরা বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। ডাকসুর ফল রাতেই ঘোষণা হয়েছিল, কিন্তু জাকসু ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ—এভাবে টানা দায়িত্ব পালন সম্ভব নয়। ম্যাম গতকালও সুস্থ ছিলেন। এই অকালমৃত্যুর দায় কার, আমরা জানি না।”

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনুও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলেন, “৩৩ বছর পর জাকসু ফিরেছে, কিন্তু তাদের হঠাৎ হাতে ভোট গণনার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। দায়িত্ব পালনের সময় এক শিক্ষিকার মৃত্যু সরাসরি কমিশনের অদক্ষতা ও গাফিলতির দিকেই ইঙ্গিত করে।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতে ক্লান্তির কারণে সব কেন্দ্রের ভোট গণনা শেষ করা যায়নি। এ অবস্থায় জান্নাতুল ফেরদৌসসহ অনেকে সিনেট হলে আসেন। সেখানেই তিনি অচেতন হয়ে পড়েন।শোকের আবহে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তবে একইসঙ্গে ফল গণনা ও ঘোষণার কাজও অব্যাহত রয়েছে।