মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ নারী আম্পায়ারের তত্ত্বাবধানে

আগের মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ইতিহাস গড়তে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে। ভারতের বেঙ্গালুরুতে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা।
আজ আইসিসি ১৪ জন নারী আম্পায়ার এবং ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে। ১৪ জন আম্পায়ারের মধ্যে আছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি, যিনি এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সব ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করেছেন নারী আম্পায়াররা। তবে ওয়ানডে বিশ্বকাপে এটি প্রথমবার ঘটতে যাচ্ছে। তালিকাভুক্ত ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্ন ইতিমধ্যেই দুটি নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। অন্যদিকে লরেন অ্যাগেনবাগ ও কিম কটন এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার সপ্তম বিশ্বকাপ শিরোপা জয়ের সময়ও তারা আম্পায়ারিং করেছিলেন।
ম্যাচ রেফারির প্যানেলে রয়েছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যানড্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই সব নারী আম্পায়ারের দায়িত্বকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি নারী ক্রিকেটের অগ্রযাত্রায় একটি যুগান্তকারী মুহূর্ত। আমরা আশা করি, খেলার সব ক্ষেত্রে আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি শুধু বড় একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গ সমতা বাড়ানোর ক্ষেত্রে আইসিসির প্রতিশ্রুতির শক্তিশালী প্রতিফলন।”



