বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ভোট গণনার মেশিন নির্দিষ্ট দলের কোম্পানি থেকে কেনা: জিএস প্রার্থী বৈশাখী

boisakhi

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনার মেশিন নির্দিষ্ট দলের কোম্পানি থেকে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নিজের ভোটপ্রদান শেষে এ অভিযোগ আনেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৩ নম্বর ছাত্রী হলে ভোটপ্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট দলের কোম্পানি থেকে ভোট গণনার মেশিন কেনা হয়েছে। সেটার উপর আস্থা রাখতে পারছি না। এখানে ভোট কারচুপির সম্ভাবনা আছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা বলেছেন, ভোট গণনা হবে এনালগ পদ্ধতিতে, মেশিনে ভোট গণনা হবে না।’ 

এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি (হাতে) সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’

জিএস প্রার্থী বৈশাখী আরও বলেন, নির্বাচন উপলক্ষে যে আমেজ থাকার কথা সেটা নেই। বিশেষ করে নারী শিক্ষার্থীদের হল গুলোতে কম দেখা যাচ্ছে। এর কারণ হতে পারে ভোটারদের নানা ধরনের জটিলতায় পড়া। আইডি কার্ডের মেয়াদ বাড়ানো, রিনিউ করাসহ নানা জটিলতায় পড়তে হয়েছে ভোটারদেরকে।’