মেয়ের প্রথম জন্মদিনে নিজ হাতে কেক বানালেন দীপিকা

বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া এক বছর পূর্ণ করল। প্রথম জন্মদিন ঘরোয়া আয়োজনে উদযাপন করলেন তারা। এদিন মেয়েকে বিশেষ চমক দিতে নিজ হাতে কেক বানালেন দীপিকা।
ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি চকোলেট কেকের ছবি শেয়ার করেছেন। কেকের এক টুকরো কাটা, মাঝখানে জ্বলছে ছোট্ট একটি মোমবাতি— এমন মুহূর্তেই ধরা পড়েছে প্রথম জন্মদিনের আবহ।
কেকের সঙ্গে ক্যাপশনে দীপিকার আবেগঘন লেখা— “আমার ভালোবাসার ভাষা কী জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করা।”
তবে এখনও পর্যন্ত কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনেননি দীপিকা-রণবীর। তবুও জন্মদিনের এই আয়োজন ঘিরে ভক্তরা ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসায়। কেউ লিখেছেন, “এক বছর হয়ে গেল? সময় কত দ্রুত চলে যায়।”
আবার কেউ অনুরোধ করেছেন, “দয়া করে দুয়ার মুখ দেখান।”
উল্লেখ্য, গত বছর দীপাবলির দিনে প্রথমবার সন্তানের নাম জানিয়েছিলেন দীপিকা। সেদিন দুয়ার ছোট্ট পায়ের ছবি শেয়ার করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেন তিনি। সম্প্রতি বিমানবন্দরে দুয়ার সঙ্গে দীপিকা-রণবীরকে দেখা গেলেও, সন্তানের গোপনীয়তা রক্ষায় অনড় এই তারকা দম্পতি।



