ডাকসুতে বিপুল ভোটে জয়ী জুলাই আন্দোলনের আলোচিত মুখ তন্বি

জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৭টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই শীর্ষ ৩ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। জিএস (সাধারণ সম্পাদক) পদে বিজয়ী ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে শিবিরের মুহা. মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।
তবে এবার ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে বেশ কয়েকজন নারী প্রার্থী নির্বাচিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে নারীরা আবারও প্রমাণ করলো নারীরা এখন আর পিছিয়ে নেই।



