রাষ্ট্রীয় সম্মাননা পেলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।
এ আয়োজনে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাবিনা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। তিনি বলেন, ‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি, তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’
সাবিনা ইয়াসমিনের পেশাদার সংগীতজীবন প্রায় ছয় দশকের। অসুস্থতার কারণে গান থেকে বেশ দূরেই ছিলেন এই শিল্পী। তবে গতকালের এই আয়োজনে যেন আবারও চিরচেনা রূপেই দেখা গিয়েছিল তাঁকে। সেখানে তাঁর গান আর স্মৃতিচারণায় ভরে ওঠে এক চমৎকার সন্ধ্যা। পরে সেখানে প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’।



