বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

মব জাস্টিসের বিরু/দ্ধে কঠো/র অবস্থান: উপদেষ্টা রিজওয়ানা

WhatsApp Image 2025-09-07 at 7.33.00 PM

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটি শুধু সুপারিশ নয়, গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পর্যালোচনা করছে। তার মতে, সংস্কার তখনই টেকসই হবে, যখন তা জনসমর্থন, রাজনৈতিক ঐক্য এবং সেক্টরভিত্তিক সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা যাবে। কেবল কাগজে পরিবর্তন আনলে কোনো স্থায়িত্ব আসবে না, এর জন্য প্রয়োজন মানসিকতার রূপান্তর।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার, সে কারণেই আলাদা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বর্তমানে কমিশনের সুপারিশের সারসংক্ষেপ ও বাস্তবায়ন রূপরেখা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, স্ব-নিয়ন্ত্রণ, সেক্টরের ঐক্য এবং অর্থনীতিতে গণমাধ্যমের ভূমিকা জোর দিয়ে আলোচিত হচ্ছে।

গণমাধ্যমে নৈতিকতা, দায়িত্ববোধ এবং জনআস্থার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, কমিশনের সুপারিশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকার সহযোগিতা করবে, তবে স্থায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে গণমাধ্যমকেই।

জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনের মাধ্যমেই গণমাধ্যমের স্থায়িত্ব আসবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠতা ও জবাবদিহির পথে চলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি সায়িদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব ইলিয়াস হোসেন এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন প্রমুখ।