অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে আন্তর্জাতিক যাত্রায় ‘সাবা’র শুরু। পরে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক উৎসবে অংশ নেয় ছবিটি।
পরিচালক মাকসুদ হোসাইন বলেন, `সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিংবা অক্টোবরের শুরুতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। দেশের দর্শকের কাছে আমাদের গল্পটা পৌঁছে দেওয়ার অপেক্ষায় আছি। আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসা পেয়েছে, এবার দেখব দেশের মানুষ কেমনভাবে গ্রহণ করেন।’
‘সাবা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাবা ও তার মাকে ঘিরে। বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন হয়ে ওঠে সাবা। হৃদযন্ত্রের জটিলতায় ভুগতে থাকা মায়ের সঙ্গে একাকী জীবনের টানাপোড়েনের মাঝেই তাদের জীবনে আসে অঙ্কুর নামের এক তরুণ, যাকে ঘিরেই গল্পে আসে মোড়।
সিনেমাটিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, `স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বহু উৎসবে ঘুরে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।’ তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন- ‘সাবা’ মুক্তি পেলে কোন তারিখে দেখতে চান, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?
চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও জিতে নেয় ‘সাবা’।



