চবি উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুই ছাত্রীকে হুমকির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক আসন থেকেই যখন নারী শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়, তখন বহিরাগতদের হাতে নারী নিপীড়ন হওয়াটা স্বাভাবিক। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব যাঁদের ওপর, তাঁরাই এখন ভয়-ভীতির উৎসে পরিণত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে ‘জমিদার ভবন লেখা’ কর্মসূচিতে দুই ছাত্রীর আইডি কার্ডের ছবি নিয়ে তাঁদের পরিবারকে ডেকে আনার হুমকি দেন উপাচার্য ও রেজিস্ট্রার- এমনটাই অভিযোগ উঠছে। এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ছাত্রী হলগুলোতে অযৌক্তিক শর্ত আরোপ করেছেন।
তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বাভাবিক করার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা কখনোই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’
শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার এবং নারী শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে।



